AJUP Chief Arrested | রেজিনগর উপনির্বাচনের আগে ধাক্কা, জাল নোট-আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হুমায়ুনের দলের রাজ্য সম্পাদক!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের (Rejinagar Bypoll) আগে ধাক্কা। গ্রেপ্তার হলেন হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল (AJUP Leaders Arrested)। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ (Faux Forex, Unlawful Arms)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী জেলাগুলিতে অপরাধমূলক কাজকর্ম ও চোরাচালান রুখতে দীর্ঘদিন ধরেই কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত গাড়িনামা এলাকায় নিয়মিত তল্লাশি ও নাকাচেকিং চালাচ্ছিলেন পুলিশকর্মীরা। সেই সময় সন্দেহজনকভাবে একটি গাড়িকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখে আটকানো হয়।

এরপর গাড়িটির ভেতরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ আধিকারিকদের। ওই গাড়িতে আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবালের পাশাপাশি আরও এক ব্যক্তি উপস্থিত ছিলেন। গাড়ি থেকে তল্লাশি চালিয়ে মোট ১০৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জাল টাকার পাশাপাশি দু’টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড তাজা গুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার ধৃতদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের পরিধি বাড়াতে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা জানতে অভিযুক্তদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে। আগামী ৬ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ঠিক এমন একটি স্পর্শকাতর সময়ে দলের নেতার এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ জাল নোট কী কাজে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগেও এই চক্রের মাধ্যমে অন্য কোথাও জাল নোট বা অস্ত্র চালান করা হয়েছে কি না, তা জানতে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *