উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে, আগামী তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তাঁর এই বিদেশযাত্রায় কোনও ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না।
আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র মামলা বিচারাধীন রয়েছে বলেই কোনও ব্যক্তিকে তাঁর পছন্দের চিকিৎসা পরিষেবা নেওয়া থেকে বিরত রাখা যায় না। একজন মানুষের বিদেশে যাওয়া এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর পূর্ণ অধিকার রয়েছে।
কলকাতা হাইকোর্টে বিদেশযাত্রার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ হওয়ার পরই গত ৭ অগাস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন অভিষেক। এর আগে গত সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি পুনরায় হাইকোর্টে ফেরত পাঠিয়ে সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী গত বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে শুনানি হয়। সেখানে আদালত সরাসরি বিদেশ যাওয়ার অনুমতি না দিয়ে নির্দেশ দিয়েছিল যে, চোখের চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে অভিষেককে এসএসকেএমে যেতে হবে।
কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে স্পষ্ট জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এর পরেই আদালত মামলাটি খারিজ করে দেয়। শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যুক্তি দিয়েছিলেন, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই অবস্থায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। হাইকোর্টের এই আদেশের পরই অভিষেক পুনরায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিল।

