উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোনারপুরে (Sonarpur) নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে লক্ষ্য করে ইট, ডিম ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। সোনারপুর থেকে ফিরেই এবার অভিষেককে নিয়ে যাওয়া হল বাইপাসের ধারে এক হাসপাতালে।
এদিন হাসপাতালে পৌঁছোনোর পরে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায় অভিষেককে। হুইলচেয়ারে বসেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তিনি। ঘটনার খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশাপাশি হাসপাতালে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কৃষ্ণা চক্রবর্তীর মতো দলের নেতৃত্বরা। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
সংবাদমাধ্যমের সামনে ভাঙা চশমা তুলে ধরে ক্ষুব্ধ অভিষেক অভিযোগ করেন, ‘আমাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।’ এই ঘটনার জন্য তিনি স্থানীয় পুলিশ-প্রশাসনের ব্যর্থতাকে সরাসরি দায়ী করেছেন। তৃণমূলের দাবি, সোনারপুরের সাধারণ মানুষ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন। এই হামলার সঙ্গে স্থানীয়দের কোনও সম্পর্ক নেই।
অভিষেকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিজেপি আগে থেকেই পরিকল্পনা করে বাইরে থেকে দুষ্কৃতীদের এই এলাকায় জড়ো করেছিল। বহিরাগতদের মাধ্যমেই সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেছেন। ঘটনার পর রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
