উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শনিবার সোনারপুর (Sonarpur) থেকে ফেরার পরই আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে আসা হয়। হুইলচেয়ারে বসে তাঁকে হাসপাতালে প্রবেশ করানো হয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এবং অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশাপাশি হাসপাতালে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কৃষ্ণা চক্রবর্তীর মতো দলের নেতৃত্বরা। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরই অভিষেককে ওই হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে আনা হয়। এরপরই নিয়ে যাওয়া হয় অন্য একটি হাসপাতালে।
এদিন অভিষেককে হাসপাতাল থেকে বের করার সময় মমতা অভিযোগ করেন, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, তাই অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘আমরা এখান থেকে শিফট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।’ জানা গিয়েছে, অভিষেকের ঘাড়-পিঠ-কোমড়ে ব্যথা রয়েছে। তাই নিজের গাড়িতেই তাঁকে সঙ্গে নিয়ে অন্য হাসপাতালে যান মমতা।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে হুইলচেয়ারে করেই বের করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরেই সাংসদের গাড়ি অপেক্ষা করছিল। হাসপাতালের পোশাকেই সেই গাড়িতে তোলা হয় তাঁকে। ডেরেক হুইলচেয়ার ঠেলে জরুরি বিভাগ থেকে বার করে আনেন তাঁকে।
