হিলিতে পরিচয় লুকিয়ে বসবাসের অভিযোগ, জাল নথি-সহ আটক বাংলাদেশি তরুণী

ভিডিও/VIDEO
Spread the love


হিলি: হিলি (Hili) থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চাপাহাট হরিবাসর পাড়ায় পরিচয় লুকিয়ে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করেছে পুলিশ। ধৃত ওই নারী নিজের নাম ‘ববিতা রায়’ পরিচয় দিয়ে সেখানে বাস করছিলেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর আসল নাম সেলিনা খাতুন। 

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে চাপাহাট হরিবাসর পাড়ার একটি বাড়িতে অভিযান চালায় হিলি থানার পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদের মুখে ওই নারী স্বীকার করেন যে তিনি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ থানার রহমতপুর দক্ষিণ মনসুরপুর প্রামাণিক পাড়ার বাসিন্দা। প্রায় চার বছর আগে কুমারগঞ্জ থানার মোল্লাদিঘী সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, বাংলাদেশে অরুণ রায় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তিনি ভারতে আসেন। অরুণ রায়ের পৈতৃক ভিটে ছিল হিলির এই গ্রামে। সেখানে থেকেই সেলিনা খাতুন নিজের নাম বদলে ‘ববিতা রায়’ পরিচয় দিয়ে বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরি করান। অভিযুক্ত অরুণ রায় বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করলেও ভিসার মাধ্যমে মাঝেমাঝে হিলির এই বাড়িতে যাতায়াত করতেন বলে স্থানীয়দের দাবি।

বাসুদেব মালী নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ওই নারী কয়েক বছর ধরে একাই ওই বাড়িতে থাকতেন এবং তাঁর স্বামী বাংলাদেশ থেকে মাঝে মধ্যে আসতেন। স্থানীয়দের মনে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। রবিবার পুলিশি অভিযানে সমস্ত বিষয়টি পরিষ্কার হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। হিলি থানার পুলিশ জানিয়েছে, আটক তরুণীকে আইনানুগ প্রক্রিয়ার পর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষ করে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *