mercury in equity cream kidney injury unwanted effects

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ব্রণ কমবে, মুখের কালো দাগ মুছে যাবে, ত্বক হবে উজ্জ্বল! এমনই প্রতিশ্রুতিতে ভরসা করে অনলাইনে কেনা একটি ফেয়ারনেস ক্রিম। সোশাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে সেই ক্রিম ব্যবহার শুরু করেছিল কেরলের ১৭ বছরের এক কিশোরী।

প্রথম দিকে ফলও মিলেছিল। কিন্তু সেই প্রসাধনীই যে একদিন তার শরীরের ভিতরে বড় বিপদ ডেকে আনবে, তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। প্রায় এক বছর ব্যবহারের পর গুরুতর কিডনির রোগে আক্রান্ত হয় ওই কিশোরী। চিকিৎসকদের পরীক্ষায় তার শরীরে মেলে বিপজ্জনক মাত্রার পারদ বা মার্কারি।

আরও পড়ুন:

কেরলের মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে একটি প্রচারমূলক ভিডিও দেখেই ক্রিমটি কেনার আগ্রহ তৈরি হয় তার। ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার দেয় সে।

আরও পড়ুন:

ব্রণ, কালো দাগ ও পিগমেন্টেশন কমাতে নিয়মিত ক্রিমটি ব্যবহার করছিল। কিন্তু কিছুদিন পর থেকেই শারীরিক সমস্যা শুরু হয়। আচমকা রক্তচাপ কমে যাওয়া, জ্ঞান হারানো এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকের দ্বারস্থ হয় পরিবার।

mercury in fairness cream kidney damage side effects
ফর্সা হওয়ার নেশায় শরীরের বিপদ ডেকে আনবেন না। ছবি: সংগৃহীত

চিকিৎসক জানান, পরীক্ষায় কিশোরীর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ধরা পড়ে। এটি কিডনির এমন একটি অসুখ, যাতে রক্ত পরিশোধন করা সূক্ষ্ম ছাঁকনি বা ফিল্টারের ক্ষতি হয়। আরও উদ্বেগের বিষয়, ওই ক্রিম পরীক্ষা করে তাতে প্রতি মিলিয়নে ১২,৫০০ ভাগ পারদ পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

প্রসাধনীতে পারদের গ্রহণযোগ্য মাত্রা যেখানে প্রতি মিলিয়নে এক ভাগেরও কম, সেখানে এই পরিমাণ অত্যন্ত বিপজ্জনক। ঘটনায় কেরল স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস মামলা দায়ের করেছে। স্বাস্থ্য ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।

ত্বক ফর্সা করতে পারদের ব্যবহার কেন?
পারদ অত্যন্ত বিষাক্ত একটি ভারী ধাতু। ত্বক ফর্সা করার কিছু ক্রিমে এই উপাদান মেশানো হয়। কারণ, পারদ ত্বকে মেলানিন তৈরির প্রক্রিয়ায় বাধা দিতে পারে। মেলানিনই ত্বকের স্বাভাবিক রং নির্ধারণ করে। ফলে সাময়িকভাবে ত্বক উজ্জ্বল বা ফর্সা দেখাতে পারে। কিন্তু সেই বাহ্যিক পরিবর্তনের আড়ালে শরীরের ভিতরে শুরু হতে পারে বিষক্রিয়া।

ত্বকে বারবার পারদযুক্ত ক্রিম মাখলে তার সংস্পর্শে শরীর আসতে পারে। দীর্ঘদিন এমনটা চললে পারদ জমতে পারে বিভিন্ন অঙ্গে। বিশেষ করে কিডনি এই বিষাক্ত ধাতুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। কিডনির ছাঁকনি ব্যবস্থা নষ্ট হলে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যেতে পারে। শরীরে জল জমা, পা ফুলে যাওয়া এবং কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

mercury in fairness cream kidney damage side effects
ত্বকের সমস্যায় ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত

পারদযুক্ত ক্রিমে শরীরের কী কী ক্ষতি হতে পারে?
১. কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া:
দীর্ঘদিন পারদের সংস্পর্শে থাকলে কিডনির সূক্ষ্ম ছাঁকনি ক্ষতি হতে পারে। ফলে রক্ত পরিশোধনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। গুরুতর ক্ষেত্রে কিডনির রোগ দেখা দিতে পারে।

২. পা ও গোড়ালি ফুলে যাওয়া: কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমতে পারে। আবার প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে গেলে রক্তে প্রোটিনের মাত্রা কমে যায়। এর ফলে পা, গোড়ালি ও পায়ের পাতায় ফোলাভাব দেখা দিতে পারে।

৩. প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাওয়া: কিডনির ছাঁকনিতে সমস্যা হলে রক্তে থাকার কথা এমন প্রোটিনও প্রস্রাবে চলে আসে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে প্রোটিনিউরিয়া বলে। অনেক ক্ষেত্রে কোনও স্পষ্ট উপসর্গ থাকে না। পরীক্ষাতেই বিষয়টি ধরা পড়ে।

৪. রক্তচাপের সমস্যা: পারদের বিষক্রিয়ায় কিডনির ক্ষতি হলে শরীরে জল ও নুনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এর প্রভাব পড়ে রক্তচাপ নিয়ন্ত্রণেও। রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।

৫. ত্বকে প্রদাহ ও অস্বস্তি: যে ক্রিম ত্বকের দাগছোপ দূর করার প্রতিশ্রুতি দেয়, সেটিই ত্বকে জ্বালা, লালচে ভাব, র‍্যাশ কিংবা অস্বাভাবিক রঙের পরিবর্তন ঘটাতে পারে।

৬. স্নায়ুতন্ত্রের ক্ষতি: পারদের বিষক্রিয়া মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে। হাত কাঁপা, পেশির দুর্বলতা, মনোযোগের অভাব, মেজাজের পরিবর্তন এবং চলাফেরায় সমন্বয়ের সমস্যা দেখা দিতে পারে।

৭. রোগ প্রতিরোধ ব্যবস্থায় প্রভাব: দীর্ঘদিন পারদের সংস্পর্শে থাকলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাও বিঘ্নিত হতে পারে। কিছু ক্ষেত্রে প্রদাহ দেখা দিতে পারে।

৮. দীর্ঘমেয়াদি বিষক্রিয়া: এই ধরনের প্রসাধনীর বিপদ হল, নিয়মিত ব্যবহারের ফলে অজান্তেই শরীরে বিষাক্ত পদার্থের সংস্পর্শ চলতে থাকে। বাইরে থেকে ত্বকের উন্নতি মনে হলেও ভিতরে ভিতরে ক্ষতি হতে পারে।

mercury in fairness cream kidney damage side effects
ভালো করে যাচাই করে তবেই ক্রিম কিনুন। ছবি: সংগৃহীত

ক্রিম কেনার আগে কী মাথায় রাখবেন?
দ্রুত ফর্সা হওয়া, কয়েক দিনে দাগছোপ মুছে ফেলা বা অলৌকিক ফলের প্রতিশ্রুতি দেওয়া প্রসাধনী থেকে সতর্ক থাকুন। বিশেষ করে সোশাল মিডিয়ার প্রচার দেখে বা অচেনা বিক্রেতার কাছ থেকে প্রসাধনী কেনা বিপজ্জনক হতে পারে। পণ্যের উপাদান, প্রস্তুতকারক এবং অনুমোদন সম্পর্কে নিশ্চিত না হয়ে তা ব্যবহার করবেন না।

ব্রণ, পিগমেন্টেশন বা ত্বকের অন্য কোনও সমস্যা থাকলে নিজে থেকে ক্রিম ব্যবহার না করে ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনও প্রসাধনী ব্যবহারের পর অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে সেটি ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ত্বকের সাময়িক উজ্জ্বলতার চেয়ে সুস্থ থাকা অনেক বেশি জরুরি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *