উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা (Lima) এবং পার্শ্ববর্তী এলাকা। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধে ৭টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তীব্র ঝাঁকুনিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘরবাড়ি ও প্রশাসনিক ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্প পরিমাপক সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (German Analysis Centre for Geosciences)-এর দেওয়া তথ্য অনুসারে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। অন্যদিকে পেরু জিওফিজিক্যাল ইনস্টিটিউট (Peru Geophysical Institute) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আন্দিজ পার্বত্য অঞ্চলের খুনিনে (Junin), যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২৯ কিলোমিটার গভীরে অবস্থিত।
খুনিন প্রদেশের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ভিসেন্তে কিসপে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক অতীতে ওই অঞ্চলে এত শক্তিশালী কম্পন দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। খুনিন মূলত খনিপ্রধান এলাকা হিসেবে পরিচিত এবং এখানে একাধিক তামার খনি রয়েছে। ভূগর্ভস্থ খনির কারণে শক্তিশালী কম্পনে ভূমিধস বা বড় বিপর্যয়ের আশঙ্কা সবসময়ই থেকে যায়।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ পেরুতে এর আগেও একাধিকবার তীব্র কম্পন অনুভূত হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আন্দিজ ও উপকূলীয় অঞ্চলে দফায় দফায় ভূমিকম্পে প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেছিল। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত বড় বিপর্যয়ের খবর না মিললেও পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

