শিবশংকর সূত্রধর, কোচবিহার : তিনি রাজবংশী নেতা। কিন্তু রাজবংশীদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়। রাসমেলার উদ্বোধন মঞ্চে তাঁর উপস্থিতি ঘটলেও বাকি অতিথিদের মতো তাঁর নাম উল্লেখ করলেন না শুভেন্দু অধিকারী। তবে অনুষ্ঠানের শেষলগ্নে নগেন্দ্রকে কাছে ডেকে একটি উত্তরীয় পরিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু। যাতে কিছুটা মানরক্ষা হল বটে, কিন্তু দূরত্ব কতটা ঘুচল, তা নিয়ে সংশয় থেকেই গেল। মুখ্যমন্ত্রীর এই ব্যবহার অত্যন্ত কূটনৈতিক ও কৌশলগত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিজেপির শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়া নগেন্দ্র যে এখনও নিজের গুরুত্ব পুনরুদ্ধার করতে পারেননি, এদিনের ঘটনায় তা নতুন করে স্পষ্ট হয়েছে। যে কারণে রাজবংশী নেতা হওয়া সত্ত্বেও এদিন রাজবংশীদের নিয়ে আয়োজিত মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পাননি তিনি। যদিও এটি নতুন কোনও ঘটনা নয়। রাজবংশীদের কোনও বৈঠকেই এখন আর তাঁকে আমন্ত্রণ জানান না বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, নিজের অস্তিত্ব নিয়ে এখন চরম সংকটে রয়েছেন নগেন্দ্র। সেজন্য বিজেপির বিরুদ্ধে বারবার তোপ দাগলেও অস্তিত্ব টিকিয়ে রাখতে এদিন মেলার উদ্বোধনে হাজির ছিলেন তিনি। নগেন্দ্র বলেছেন, ‘আমাকে বৈঠকে ডাকা হয়নি, তাই যাইনি। মেলার উদ্বোধনে ডেকেছে, তাই এসেছি। রাসমেলাতে সবাই আসতে পারে।’
২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকেই বিজেপির সঙ্গে নগেন্দ্রর দূরত্ব তৈরি হয়েছে। তারপর থেকে দলের কর্মসূচিতে তাঁকে খুব একটা দেখা যায় না। আবার বিজেপির সাংসদ হয়েও বারবার প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি নগেন্দ্র ঘোষণা করেছিলেন যে, একমাত্র প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হলে তবেই তিনি সেখানে যাবেন, নচেৎ নয়। ফলে নগেন্দ্রকে নিয়ে দলের মধ্যে অস্বস্তি তৈরি হতে থাকে।
এ বছরের বিধানসভা নির্বাচনে নগেন্দ্র-ঘনিষ্ঠ হরিহর রায়কে শীতলকুচি থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে তৃণমূলের সরকার নগেন্দ্রকে ‘বঙ্গরত্ন’ সম্মানও দেয়। বিষয়গুলি বিজেপি যে ভালোভাবে নেয়নি, তা স্পষ্ট হতে বেশিদিন লাগেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিজেপি ক্ষমতায় এসে সেই ‘বঙ্গরত্ন’ কেড়ে নেয়। যদিও নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই তা কেড়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। উত্তরবঙ্গে একাধিকবার রাজবংশীদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কোনও বৈঠকেই নগেন্দ্র ডাক পাননি। তিনি প্রচারে না থাকলেও এবারের নির্বাচনে কোচবিহারে ভালো ফল করেছে বিজেপি। আবার রাজবংশী সংগঠনে নগেন্দ্রর প্রতিদ্বন্দ্বী বংশীবদন বর্মনকে বিজেপি গুরুত্ব দেওয়ায় নগেন্দ্র বেশ চাপেই রয়েছেন। চারদিক থেকে কোণঠাসা হতে থাকায় এদিন সেই ড্যামেজ কন্ট্রোল করতেই তিনি রাসমেলার উদ্বোধনে হাজির হয়েছিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিন মেলা চত্বরে ঢুকে রাজ্যসভার এই সাংসদ প্রথমে নীচের আসনেই বসেছিলেন। এরপর আয়োজকরা তা দেখে নগেন্দ্রকে মঞ্চে নিয়ে যান। তিনি মঞ্চের দ্বিতীয় সারিতে বসেছিলেন। সেই মঞ্চে বংশীবদন বর্মনও ছিলেন। তবে এদিন নগেন্দ্রর উপস্থিতিতে দলে তাঁর ড্যামেজ কিছুটা হলেও কন্ট্রোল হল কি না, তা অবশ্য সময়ই বলবে।

