সৌভিক সেন
বিধান মার্কেট থেকে শেঠ শ্রীলাল মার্কেটের দিকে এগোলে রাস্তার বাঁদিকে মাঝারি মাপের একটি দোকান। ভিতরে দুজন কর্মী ক্রেতাদের সামলাতে ব্যস্ত। দোকানের একেবারে পিছনে ছোট্ট টেবিল। তার ওপারে বসে এক ভদ্রমহিলা। মাথা নীচু করে স্মার্টফোনে চোখ রেখেছেন। কাছে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে হাসলেন। ফোনের পর্দায় তখন একটি রিলস। বাংলা টেলিভিশনের এই মুহূর্তের অন্যতম চর্চিত মুখকে নিয়ে তৈরি। আঙুলের এক ছোঁয়ায় পরের ভিডিও। সেখানেও সেই তরুণ। তার পরেরটিতেও। যেন ফোনের অ্যালগরিদমও জানে, এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় আগ্রহ কোথায়।
রিতা দে। রাজবীর দে-র মা।
দোকানে বসে মিনিট কুড়ি কথা হল। এর মধ্যে অন্তত পাঁচজন এসে বলে গেলেন, ‘আমি কিন্তু রাজবীরের ফ্যান, কাকিমা। এদিক দিয়েই যাতায়াত করি। আজ ভাবলাম, বলে যাই একবার।’ কেউ কেনাকাটা করতে এসেছেন, কেউ হয়তো শুধু এইটুকু জানাতে। প্রত্যেকের কথা শুনে একগাল হাসছেন রিতা। মাথা নেড়ে ধন্যবাদ জানাচ্ছেন। চোখে চশমা, মাথাভর্তি পাকা চুল। ছেলের জনপ্রিয়তার এই নতুন ঠিকানায় বসে তিনি যেন নিজেই একটু অবাক।
রাজবীরের নাম এখন আর শুধু শিলিগুড়ির পরিচিত মহলে সীমাবদ্ধ নেই। বিগ বস বাংলার ঘরে উপস্থিতি তাঁকে পৌঁছে দিয়েছে রাজ্যের নানা প্রান্তের দর্শকের কাছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ছে তাঁর ভিডিও। সমর্থনের পাশাপাশি বিতর্কও কম নেই। শোয়ের বিচার, প্রতিযোগীদের আচরণ, রাজবীরকে ঘিরে অন্যদের অবস্থান- সব নিয়েই চলছে আলোচনা। কোনও কোনও পোস্টের কমেন্ট বক্সে দাবি উঠছে, শো পক্ষপাতদুষ্ট। কেউ লিখছেন, ‘যে-ই জিতুক, আমাদের হিরো রাজ।’ আবার কারও বক্তব্য, একটি ছেলের পিছনে বাকি সবাই লেগে রয়েছেন, তাঁকে টেনে নামানোর চেষ্টা চলছে।
রিয়েলিটি শোয়ের দর্শকপ্রিয়তার অঙ্কে এমন আবেগ নতুন নয়। কিন্তু রাজবীরকে ঘিরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা নজর এড়ানোর মতোও নয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পরিচালক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সমাজমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে। তাঁর একটি পোস্টে উঠে এসেছে সম্ভাবনার প্রসঙ্গ। বাংলা সিনেমার প্রযোজক রানা সরকারও ধারাবাহিকভাবে রাজবীরকে নিয়ে পোস্ট করছেন। কখনও লিখছেন, ‘রাজবীর… রাজবীর… সবার সমস্যা ওকে নিয়ে। সেখানেই ওর জয়।’ কখনও আবার প্রশ্ন তুলছেন, রাজবীরকে নিয়ে সিনেমা হলে নায়িকা কে হবেন? একটি ফ্যানবেস ওয়েবসাইটের দাবি, চলতি সপ্তাহে সর্বোচ্চ ভোটও পেয়েছেন তিনি।
এই সমস্ত চর্চা থেকে অবশ্য খানিকটা দূরেই থাকতে চান রিতা। ছেলেকে সমর্থন করেন, কিন্তু অন্য প্রতিযোগীদের বিরুদ্ধে অভিযোগের সুর তাঁর কথায় নেই। বরং বলছেন, ‘দেখুন, ওই ঘরে সবাই খেলতে গিয়েছেন। জিততে গিয়েছেন। নিজের মতো করে খেলছেন। সবাই চাইবেন, এগিয়ে থাকতে। একেকজনের প্ল্যানিং, খেলার ধরন একেকরকম।’ মায়ের এই নির্লিপ্তি খানিকটা আশ্চর্যও করে। বাইরে যখন রাজবীরকে নিয়ে এত তর্ক, তখন তাঁর মা প্রতিযোগিতার স্বাভাবিক নিয়মটুকুই মনে করিয়ে দিচ্ছেন।
তবে রাজবীরের এই জায়গায় পৌঁছানোর গল্পটা শুধু একটি রিয়েলিটি শোয়ের নয়। শিলিগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের শুভম, যাঁকে আজ দর্শক রাজবীর নামে চেনেন, ছোট থেকেই ছিলেন দুরন্ত। এক জায়গায় বসিয়ে রাখা যেত না। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। এরপর তাঁকে কোচবিহার রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেন মা। রিতার আশা ছিল, নিয়মের মধ্যে থাকলে হয়তো ছেলের চঞ্চলতা কিছুটা কমবে। দশম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা। তারপর শিলিগুড়িতে ফিরে তরাই তারাপদ থেকে উচ্চমাধ্যমিক। শিলিগুড়ি কলেজে মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক।
পথে অবশ্য একাধিকবার দিক বদলেছে স্বপ্ন। প্রথমে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। পরে সাংবাদিকতার প্রতি আগ্রহ। শেষপর্যন্ত টান পড়ে বিনোদনের জগতে। মুম্বইয়ে পাড়ি দেন রাজবীর। বেশ কয়েক বছর ধরে সেখানেই রয়েছেন। এর আগে একটি হিন্দি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন, কাজ করেছেন একাধিক সিরিয়ালেও। কিন্তু যে পরিচিতি এতদিন অধরা ছিল, বিগ বস বাংলা তা এনে দিয়েছে।
এই পথ চলায় মায়ের সমর্থন ছিল বরাবর। কলেজ শেষ করে ছেলের ইচ্ছেতেই নাচ ও স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি করিয়েছিলেন রিতা। হাতে সামান্য টাকা দিয়ে পরিচিতদের সঙ্গে একাধিকবার মুম্বই পাঠিয়েছেন। ছেলের স্বপ্ন ছিল অভিনয়, মায়ের চেষ্টা ছিল সেই স্বপ্নের পথে যতটা সম্ভব সাহায্য করা। কিন্তু সেই পথ যে কতটা কঠিন, তার সবটা জানতেন না তিনি।
বুধবার দোকানে বসে রিতা বলছিলেন, ‘আমি তো আগে এতকিছু জানতামই না। ও মুম্বইয়ে এমন বাড়িতে থাকত, যেখানে ইঁদুর আর আরশোলা গিজগিজ করত। আমাকে বলেনি। জানে, মা কষ্ট পাবে। ছোট থেকেই যা করেছে, মনপ্রাণ দিয়ে করেছে।’
কথাটার মধ্যে মুম্বইয়ের ঝলমলে পর্দার বাইরের একটা ছবি রয়েছে। যে শহরে স্বপ্ন নিয়ে হাজার হাজার তরুণ পৌঁছান, সেখানে জায়গা করে নেওয়ার লড়াই কতটা কঠিন, রাজবীরের জীবনেও তার ব্যতিক্রম হয়নি। মাকে কষ্ট না দেওয়ার জন্য সেই লড়াইয়ের অনেকটাই আড়াল করে রেখেছিলেন ছেলে। আজ সেই ছেলেকেই টেলিভিশনের পর্দায় দেখে গর্বিত মা।
রাজবীর নিজেও শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ছিন্ন করেননি। মাঝেমধ্যে শহরে ফিরলে মায়ের দোকানে হাত লাগান। দোকানটি সাজিয়েছেন নিজের পছন্দমতো। বিগ বসের একটি পর্বে জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী দাসকে জানিয়েছেন, শো শেষ হলে মায়ের সঙ্গে ক্রিসমাস কাটাবেন। তারপর ফের মুম্বই। শিলিগুড়ির ব্যাগের দোকানঘরটি নতুন করে বানানোর পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ, টেলিভিশনের পর্দায় যতই নতুন পরিচিতি তৈরি হোক, নিজের শহরে ফিরে দোকানটিও তাঁর পরিকল্পনার বাইরে নয়।
বিগ বসের দ্বিতীয় শেষ সপ্তাহ চলছে। রাজবীর শেষপর্যন্ত জিতবেন কি না, এই সপ্তাহে টিকে থাকবেন, নাকি বিদায় নেবেন, তা নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্ট থেকে রানা সরকারের মন্তব্য- সব মিলিয়ে বাংলা বিনোদন জগতের আলোচনায় এখন তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম। কিন্তু রিয়েলিটি শোয়ের ফলাফলই কি তাঁর জনপ্রিয়তার একমাত্র মাপকাঠি? অন্তত শিলিগুড়ির এই দোকানে দাঁড়ালে তেমন মনে হয় না। প্রতিযোগিতার ফল ঘোষণার আগেই শহরের বহু মানুষের কাছে রাজবীর ঘরের ছেলে।
কাকু অজয় দে, কাকিমা শিখা দে, বন্ধু সায়ন্তনী কর্মকার ও শর্মিষ্ঠা পাল- পরিচিতদের কথাতেও সেই গর্ব স্পষ্ট। দেখা হলে, ফোনে কথা হলে ঘুরেফিরে আসছে রাজবীরের প্রসঙ্গ। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই ভেসে উঠছে তাঁর নানা মুহূর্তের ক্লিপিংস। ভবিষ্যতে কতদূর যাবেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে কাছের মানুষদের বিশ্বাস, রাজবীর যখন যা করেছেন, নিজের সবটুকু দিয়েই করেছেন।
রিতা অবশ্য এখন আর কোনও বড় স্বপ্নের হিসেব কষছেন না। সারা বাংলার মানুষের ভালোবাসাকে ঈশ্বরের উপহার বলেই মনে করেন। দু’হাত জোড় করে কৃতজ্ঞতা জানাতে চান সবাইকে। তাঁর নিজের অপেক্ষা অন্যরকম। বিগ বসে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রাজবীর মাকে জানিয়েছিলেন মাত্র দু’দিন আগে। তারপর থেকে কথা বলা বা দেখা, সবই বন্ধ। মাঝে একদিন অল্প সময়ের জন্য বিগ বসের ঘরে ঢুকেছিলেন রিতা। এখন অপেক্ষা, কবে ছেলে ফিরবে।
ফিরলে ক্রিসমাস কাটবে একসঙ্গে। তারপর হয়তো আবার মুম্বইয়ের পথে রওনা দেবেন রাজবীর। তার আগে মায়ের হাতে খাওয়া চাই। ছেলের পছন্দের তালিকাও তৈরি, চিংড়ি মাছের মালাইকারি আর ধনেপাতা মুরগি।
টেলিভিশনের পর্দায় এখন রাজবীরকে নিয়ে যত আলোচনা, যত বিতর্ক, যত ভোটের অঙ্ক। বিধান মার্কেটের দোকানে বসে রিতার কাছে অবশ্য হিসেবটা অনেক সহজ। ছেলেকে নিয়ে এত মানুষের আগ্রহ, এত ভালোবাসা- এটাই তাঁর প্রাপ্তি। আর বাকি সবকিছুর শেষে, তাঁর কাছে রাজবীর সেই চঞ্চল ছেলেটাই। যে একসময় এক জায়গায় বসতে চাইত না।

