উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই অশান্ত হয়ে উঠছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তরফে জানানো হয়েছে, ‘অবৈধ ও বিতর্কিত’ কোনো ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে কারণেই এই বাড়তি তৎপরতা।
রবিবার ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, “ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশ-ইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসে, সে জন্যই আমি সীমান্ত এলাকাগুলি পরিদর্শন করছি।” তবে ‘বিতর্কিত’ বলতে কাদের বোঝানো হয়েছে, তা তিনি নির্দিষ্ট করেননি। উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে চলে যাওয়ায় বিজিবির এই বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ধারাবাহিক অশান্তির আবহে রবিবার রাতেও উত্তেজনা ছড়ায় চট্টগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রামের দামপাড়া এলাকায় পুলিশ লাইনসের সামনে বাইকে চেপে আসা অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী বোমা ছুড়ে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
অন্যদিকে, রবিবার রাতেই চট্টগ্রামের বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সামনের দিক থেকে তৃতীয় বগিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রেলকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের কামরার ভেতরে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছে এবং কয়েকটি আসনেও কেরোসিন মাখানো ছিল।
গত প্রায় দেড় সপ্তাহ ধরে বাংলাদেশে অশান্তি আরও বেড়েছে। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে, যার পেছনে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মিছিল করেছেন। ওইসব এলাকায় থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় বিএনপি নেতার বাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগের একাধিক প্রাক্তন মন্ত্রী, সাংসদ ও ঘনিষ্ঠ বিশিষ্টজনদের গ্রেপ্তার শুরু করেছে পুলিশ। সংবাদ ও পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরু, নুরুল ইসলাম নাহিদ, প্রাক্তন সাংসদ আতাউল হক দোলন, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা তমাল মাহবুব।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ও রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বের সঙ্গেও আলোচনা করতে চান তিনি; সোমবার জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

