উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরিয়ানার হিসারে (Hisar) সেনাবাহিনীর নিয়মিত মহড়া চলাকালীন সাঁজোয়া ট্যাঙ্কের নিচে চাপা পড়ে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার ভোজরাজ গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার তা প্রকাশ্যে আসে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন নায়েক মণীশ কুমার এবং নায়েক অঙ্কুশ কুমার। তাঁদের বাড়ি উত্তরপ্রদেশের শামলি ও বদায়ুনে।
হিসার থানার তদন্তকারী আধিকারিক অশোক কুণ্ডু জানিয়েছেন, শনিবার দুপুর আনুমানিক তিনটের সময় ৩২টি সাঁজোয়া ট্যাঙ্কের একটি বড় বহর নিয়ে মহড়া চলছিল। মণীশ ও অঙ্কুশ একটি ট্যাঙ্কের সামনের অংশে বসেছিলেন। বহু সংখ্যক ট্যাঙ্ক একসঙ্গে চলায় এলাকায় প্রচুর ধুলো উড়ছিল। এর ফলে চালকের দৃষ্টি ব্যাহত হয় এবং দুই জওয়ান ঠিক কখন নিচে পড়ে যান তা তিনি খেয়াল করতে পারেননি। সাঁজোয়া যানটি তাঁদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হিসার মিলিটারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গিয়েছে, অঙ্কুশের পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রবিবার তাঁর ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল।
সেনাবাহিনীর প্রশিক্ষণ বা মহড়া চলাকালীন প্রাণহানির ঘটনা আগেও ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজস্থানের বিকানেরে ট্যাঙ্কে গোলা ভরার সময় বিস্ফোরণ ঘটে দুই জওয়ানের মৃত্যু হয় এবং একজন আহত হন। এছাড়া ২০২৪ সালের অক্টোবরে মহারাষ্ট্রের নাসিকে দেওলালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে কামানের গোলা ফেটে প্রাণ হারিয়েছিলেন দুই অগ্নিবীর জওয়ান।
The put up হিসারে সেনার মহড়ায় ট্যাঙ্কে পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুই জওয়ান appeared first on Uttarbanga Sambad.
