উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে চলে এল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্দরের সংঘাত। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একজোট হওয়ার বার্তা দিলেও আসন সমঝোতার প্রশ্নে সমাজবাদী পার্টি (এসপি) (Samajwadi Celebration) ও কংগ্রেসের (Congress) মধ্যে ক্রমশ বাড়ছে দূরত্ব। একদিকে কংগ্রেসের দাবি, অন্তত ১০০টি আসনে লড়ার সুযোগ দিতে হবে তাদের। অন্যদিকে, সমাজবাদী পার্টি মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি বলে সূত্রের খবর। তার মধ্যেই আলোচনা চলাকালীন একতরফাভাবে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অখিলেশ যাদবের দল। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। বিরোধী শিবিরের এই টানাপড়েনকে হাতিয়ার করে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একযোগে আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।
আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে সোমবার ও মঙ্গলবার দিল্লিতে রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারির সরকারি বাসভবনে বৈঠকে বসেছিলেন কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারা। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রমোদ তিওয়ারি, উত্তরপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী আরাধনা মিশ্র, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক রাজেন্দ্রপাল গৌতম, সাংসদ ইমরান মাসুদ এবং বিধায়ক বীরেন্দ্র চৌধরী।
অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব, উত্তরপ্রদেশ শাখার সভাপতি শ্যামলাল পাল এবং সাংসদ রাজীব রাই ও ইকরা হাসান।
সূত্রের খবর, বৈঠকে কংগ্রেসের তরফে ১২৬টি আসনের একটি তালিকা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু ৪০৩ আসনবিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি হয়েছে এসপি। সমাজবাদী পার্টির এই অবস্থানে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট কংগ্রেস নেতৃত্ব। এসপি নেতা রামগোপাল যাদবের বক্তব্য, পূর্ববর্তী নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক বাস্তবতা বিচার করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
সমাজবাদী পার্টির প্রস্তাবে যে কংগ্রেস নেতৃত্ব সন্তুষ্ট নয়, তা বুধবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক রাজেন্দ্রপাল গৌতম। তাঁর বক্তব্য, ১০০টির কম আসনে লড়তে প্রস্তুত নয় কংগ্রেস।
আরও কড়া অবস্থান নিয়েছেন সহারনপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর সাফ কথা, ‘‘আমরা ভিক্ষা চাইছি না।’’
ইমরানের ক্ষোভের অন্যতম কারণ, সমাজবাদী পার্টির একতরফা প্রার্থী ঘোষণা। মঙ্গলবার এসপি যে পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তার মধ্যে দুটি আসনই ইমরানের লোকসভা কেন্দ্র সহারনপুরের অন্তর্গত। বেহট কেন্দ্র থেকে উমর আলি খান এবং সহারনপুর দেহাত কেন্দ্র থেকে আশু মালিককে প্রার্থী করেছে অখিলেশের দল। এছাড়া কইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মাহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধির নাম ঘোষণা করা হয়েছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বেহট ও সহারনপুর দেহাত—এই দুই আসনের দাবিতেই আগে থেকে সরব ছিলেন ইমরান মাসুদ। উল্লেখ্য, একসময় সমাজবাদী পার্টিতে থাকলেও পরে কংগ্রেসে যোগ দেন তিনি। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ক্ষেত্রের সঙ্গে যুক্ত এই দুই আসনে এসপির একতরফা প্রার্থী ঘোষণা কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়েছে।
ইমরানের অভিযোগ, এভাবে একতরফা প্রার্থী ঘোষণা করা হলে আসন সমঝোতা নিয়ে আলোচনার আর কোনও অর্থ থাকে না। তাঁর কথায়, বিজেপিবিরোধী লড়াইয়ে রাহুল গান্ধীই দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ। আর সেই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়েই অনেকের ঈর্ষা রয়েছে।
এসপি-কংগ্রেসের এই সংঘাতকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার বিরোধী জোটকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘রাধে রাধে, তো সবে শুরু। এসপির জন্য রাম নাম সত্যের সময় এগিয়ে আসছে।’’
যোগীর অভিযোগ, কংগ্রেস ও সমাজবাদী পার্টি—দুই দলই রামভক্তদের অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখাতে ব্যর্থ। তাঁর দাবি, পরিবারকেন্দ্রিক রাজনীতির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের কথা ভাবতে পারে না এই দুই দল।
অযোধ্যায় যাওয়ার প্রস্তাবিত সফর নিয়েও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘যাঁরা দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন, শেষপর্যন্ত তাঁরা ডুবে যান।’’
এবিপি কনক্লেভে দেওয়া এক সাক্ষাৎকারে যোগী আরও অভিযোগ করেন, নব্বইয়ের দশকে অখিলেশ যাদবের বাবা তথা তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের আমলে রামভক্তদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে যোগীর দাবি, রামভক্ত ও হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত সমাজবাদী পার্টির।

