Seikh Hasina | ১৬ ডিসেম্বর আদৌ বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? ঢাকার অবস্থানে বাড়ছে জটিলতা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। শুধু দেশে ফেরার ঘোষণাই নয়, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানের ব্যবস্থাও করতে বলেছেন তিনি। কিন্তু হাসিনার এই ঘোষণার বাস্তবায়ন কতটা সম্ভব? বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি বলছে, তাঁর প্রত্যাবর্তনের পথ এখনও অত্যন্ত কঠিন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনে দমন-পীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। যদিও এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রত্যাখ্যান করেছেন হাসিনা। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। অন্যদিকে, আওয়ামী লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ এবং দলটির নির্বাচনী নিবন্ধনও স্থগিত। ফলে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ক্ষেত্রেও হাসিনার সামনে বড় বাধা রয়েছে।

সবচেয়ে বড় বাধা অবশ্য আইনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, হাসিনার দেশে ফেরা নির্ভর করছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির উপর। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফেও প্রত্যর্পণের আবেদন নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া চালানোর কথা জানানো হয়েছে। অন্যদিকে, বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনও নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের আবেদন থেকে আলাদা। বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন ভারতের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।

এখানেই তৈরি হয়েছে মূল জটিলতা। হাসিনার স্বেচ্ছায় ফেরার ঘোষণা থাকলেও তাঁর বাতিল হওয়া পাসপোর্ট ও পরিচয়পত্র, দেশে ফেরার প্রয়োজনীয় নথি এবং বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও বাস্তবে তা কার্যকর হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ভারত সরকারের অবস্থান, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি সিদ্ধান্ত এবং ঢাকার মনোভাবই শেষ পর্যন্ত নির্ধারণ করবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভবিষ্যৎ। আপাতত তাঁর ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ালেও দেশে ফেরা নিশ্চিত, এমনটা বলার অবকাশ নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *