উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় যমুনা নদীতে ঘটে গেল এক মর্মান্তিক নৌকাডুবি ( Yamuna Boat Acciden)। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘাতামপুর এলাকায় মাঝনদীতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবাহী একটি নৌকা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৯ জন আরোহী ছিলেন।
নৌকাটি উলটে যাওয়ার সাথে সাথেই যাত্রীরা উত্তাল নদীর জলে তলিয়ে যান। ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় পুলিশ প্রশাসন। উদ্ধারকাজে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) কর্মীদের। এখনও পর্যন্ত যা খবর তাতে রাতভর তল্লাশি চালিয়ে ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ৬ জনের কোনো হদিশ মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন একজন মহিলা, এক শিশু এবং এক কিশোর।
বান্দা ডিভিশনের ডিআইজি রাজেশ যশ জানান, “নৌকাটিতে ৯ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন সাঁতার কেটে এবং উদ্ধারকারীদের সহায়তায় প্রাণ বাঁচাতে সক্ষম হলেও বাকি ৬ জন এখনও নিখোঁজ।” সময়ের সাথে সাথে নিখোঁজদের ফিরে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল? নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল কি না বা যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। বর্তমানে এনডিআরএফ কর্মীরা যমুনার বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন।
