উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার দ্বিতীয় দফার (Section 2) নির্বাচনে সকাল থেকেই অভাবনীয় উদ্দীপনা (West Bengal Election 2026)। বুথে বুথে ভোটারদের লম্বা লাইন জানান দিচ্ছে ‘গণতন্ত্রের উৎসবের’ প্রকৃত মেজাজ। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ১৪২টি আসনে গড় ভোটদানের হার ১৮.৩৯ শতাংশ।
যদিও প্রথম দফায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৫২টি আসনে ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ভোটারদের স্বতঃস্ফূর্ততা অনেক বেশি গভীর। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এবার অভূতপূর্ব ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, দ্বিতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত ২০.৮৬ শতাংশ ভোট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান। এরপরই রয়েছে হুগলি (২০.১৬%) এবং নদিয়া (১৮.৫০%), উত্তর ২৪ পরগনা (১৭.৮১%), হাওড়া (১৭.৭৬%), কলকাতা উত্তর (১৭.২৮%), দক্ষিণ ২৪ পরগনা (১৭.২৫%)। এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোটদানের হার রয়েছে দক্ষিণ কলকাতায় (১৬.৮১%)।
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বিশেষ করে মহিলা এবং প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের দীর্ঘ লাইন গণতন্ত্রের এক শক্তিশালী ছবি তুলে ধরছে। শহর কলকাতা যেখানে সাধারণত বেলা বাড়লে ভোটের গতি পায়, সেখানেও এবার সকাল সকাল ভোটারদের ঢল নেমেছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বুথের সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৭৬। কমিশন জানিয়েছে, মোট ৩ কোটি ৩৬ লক্ষ জন ভোটদান করেছেন। অর্থাৎ, ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। এখন প্রশ্ন একটাই, দিনের শেষে কি দ্বিতীয় দফা প্রথম দফার সেই রেকর্ড শতাংশ ভোটদানকে ছাপিয়ে যেতে পারবে? নজর থাকবে পরবর্তী পরিসংখ্যানের দিকে।
