শুভঙ্কর চক্রবর্তী
সভ্যতার সূচনা হয়েছিল পারস্পরিক বিশ্বাসের এক অলিখিত চুক্তির ওপর দাঁড়িয়ে। যখন আদিম মানুষ দলবদ্ধভাবে বসবাস শুরু করল তখন একে অপরের প্রতি আস্থাই ছিল তাদের অস্তিত্ব রক্ষার মূল চাবিকাঠি। এটি সামাজিক বন্ধনেরও মূল ভিত্তি। সভ্যতার প্রথম আইন কোনও সংবিধানে লেখা ছিল না। কোনও আদালত ছিল না, পুলিশ ছিল না, নির্বাচন ছিল না। ছিল শুধুই বিশ্বাস। মানুষ বিশ্বাস করেছিল, পাশের মানুষটি তাকে ঠকাবে না, বিপদের দিনে দরজা বন্ধ করবে না, বিনিময়ের সময় মাপে কারচুপি করবে না। সেই বিশ্বাস থেকেই পরিবার, সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রের সৃষ্টি। পরে আইন, আদালত, প্রশাসন তৈরি হয়েছে সেই বিশ্বাসকে রক্ষা করার জন্য। আজ সেই প্রতিষ্ঠানগুলিই মানুষের সন্দেহের কারণ হয়ে উঠেছে। সাধারণ মানুষ কোনও প্রতিষ্ঠানের ওপর ভরসা রাখতে পারছে না। এই সংকট শুধু রাজনৈতিক নয়, সংকট আদতে সভ্যতার।
বর্তমান পরিস্থিতিতে সভ্যতার সেই আদিম চুক্তিটি সম্পূর্ণভাবে লঙ্ঘিত। চারদিকে অবিশ্বাসের এক ঘন কুয়াশা। আধুনিক সমাজ ব্যবস্থার প্রতিটি স্তরে আজ এমন এক নৈরাশ্যের বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে কাউকেই আর সম্পূর্ণরূপে বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক নেতাদের প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ ঘটেছে বহু আগেই। দীর্ঘ অভিজ্ঞতায় এবং পারিপার্শ্বিক ঘটনার প্রেক্ষিতে ভোটাররা জানেন তাঁরা যাঁকেই ভোট দেবেন তিনিই বিশ্বাসভঙ্গ করবেন, ভরসা রাখতে পারবেন না বা অপকর্মে যুক্ত হবেন। সেটা জেনেও তাঁরা ভোট দেন। কারণ, গণতন্ত্রের ক্লেদাক্ত আঙিনায় নির্বাচন এখন আর কোনও মহান আদর্শের লড়াই নয়, নির্বাচন এখন এক পদ্ধতিগত বাধ্যবাধকতা মাত্র। এখন সাধারণ মানুষ যেটা খোঁজেন তা হল কোন নেতা কম ক্ষতিকারক আর কে বেশি সেটা।
তাদের কৃতকর্মের জন্য পুলিশের কপালে বহু যুগ আগেই ‘ঘুষখোর’ তকমা জুটে গিয়েছে। আইন মেনে নয়, যখন যে দল ক্ষমতায় থাকে পুলিশ তাদের হয়ে কাজ করে এটা সর্বজনবিদিত। সাধারণ মানুষ আজ জানে যে, পুলিশের ভূমিকা আইনের শাসন প্রতিষ্ঠার চেয়েও শাসকের স্বার্থ রক্ষাতেই বেশি ব্যবহৃত হয়। প্রশাসনের চিত্রটিও সমানভাবে হতাশাব্যঞ্জক। মুষ্টিমেয় কয়েকজন সৎ আমলার ওপর সামান্য ভরসা টিকে থাকলেও, বৃহত্তর জনমানসে এই ধারণাই বদ্ধমূল যে, প্রশাসনের শীর্ষকর্তারা আজ কেবলই সরকারি দলের তল্পিবাহক এবং অযোগ্য রাজনৈতিক নেতাদের কুকর্মের সুচতুর পরামর্শদাতায় পরিণত হয়েছেন।
এই চরম অবক্ষয়ের মাঝে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল ছিল বিচার ব্যবস্থা। কিন্তু দীর্ঘসূত্রিতা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাপ্রবাহে সেই পবিত্র বিচারালয়ের প্রতিও সাধারণ মানুষের আস্থার ভিত প্রবলভাবে নড়ে গিয়েছে। ‘কোথাও বিচার না পেলে শেষমেশ আদালতে যাব’— এই চিরাচরিত ভরসার জায়গাটি আজ ক্রমশ মুছে যাচ্ছে।
চারপাশের এই দমবন্ধ করা অবিশ্বাসের স্রোতে মানুষ খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চেয়েছিলেন সামাজিক মাধ্যমের তথাকথিত প্রতিবাদী মুখদের। কিন্তু নির্বাচন কমিশনের নথিপত্র প্রকাশ্যে আসতেই উন্মোচিত হল লক্ষ লক্ষ টাকার গোপন খেলা। খসে পড়ল তথাকথিত বিপ্লবীদের মুখোশটি। সরকারের সমালোচনা বা প্রশংসা করে কনটেন্ট তৈরি করা অন্যায়? না। রাজনৈতিক দলের হয়ে প্রচার করা অন্যায়? না। অন্যের ক্ষতি না করে পারিশ্রমিক নিয়ে রাজনৈতিক কনটেন্ট তৈরি করাও অপরাধ নয়। প্রশ্ন হল, দর্শককে কী জানানো হচ্ছে, এটি স্বাধীন মত, নাকি অর্থের বিনিময়ে তৈরি প্রচার?
একজন শিল্পী বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নিতে পারেন। একজন কনটেন্ট নির্মাতা কোনও দলের হয়ে প্রচার করতেই পারেন। কিন্তু তিনি যদি নিজেকে নিরপেক্ষ প্রতিবাদী হিসেবে প্রতিষ্ঠা করে সেই পরিচয়ের আড়ালে অর্থের বিনিময়ে একপাক্ষিক রাজনৈতিক বার্তা পরিবেশন করে জনমত তৈরি করেন, তখন অর্থ নয়, আলোচনার মূল বিষয় হয় বিশ্বাস। আর বিশ্বাসের সবচেয়ে বড় শত্রু প্রতারণা। আর্থিক স্বার্থসিদ্ধির জন্য সমাজে মেরুকরণের আগুন জ্বালানো— এটাই চূড়ান্ত নৈতিক স্খলন।
অবিশ্বাস যখন সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন সত্যও দুর্বল হয়ে যায়। সমাজের সবচেয়ে ভয়ংকর সংকট তখনই আসে, যখন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। প্রতিবেশী প্রতিবেশীকে সন্দেহ করে, পাঠক লেখককে সন্দেহ করে, নাগরিক প্রতিষ্ঠানকে সন্দেহ করে, আর প্রতিষ্ঠান নাগরিককে। তখন সামাজিক আস্থার ভিতটি ধীরে ধীরে ফাঁপা হয়ে যায়। রাজনীতি তখন আরও সহজ হয়ে যায়। কারণ অবিশ্বাসী নাগরিককে পরিচালনা করা তুলনামূলক সহজ। তাকে সত্য দিয়ে বোঝাতে হয় না, ভয়, ক্ষোভ, পরিচয়, বিভাজন এবং আবেগই যথেষ্ট হয়ে যায়। ধর্ম, জাত, ভাষা, অঞ্চল— যে কোনও পরিচয় তখন রাজনৈতিক হাতিয়ার হতে পারে। কারণ যুক্তির চেয়ে বিভাজন দ্রুত ছড়ায়, সত্যের চেয়ে সন্দেহ দ্রুত সংক্রামিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক এই অবক্ষয় আমাদের এক ভয়ংকর খাদের কিনারায় দাঁড় করিয়েছে। সমাজ নামক প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে থাকে পারস্পরিক নির্ভরশীলতার সুদৃঢ় ভিত্তির ওপর। যদি সেই বিশ্বাসের শেকড়েই পচন ধরে, তবে সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। আমাদের সেই হারানো বিশ্বাসকেই পুনরুদ্ধার করতে হবে। কারণ, বিশ্বাসহীন সমাজ কেবল একটি মৃতপ্রায় কঙ্কাল, যার প্রাণভোমরা লুকিয়ে থাকে একমাত্র সততা এবং নৈতিকতার আশ্রয়ে। প্রশ্নহীন বিশ্বাস যেমন বিপজ্জনক, তেমনই সর্বগ্রাসী অবিশ্বাসও গণতন্ত্রের শত্রু। সবাই বিক্রি হয়ে গিয়েছে- এই বিশ্বাসটি যেন সত্যি না হয়ে যায়— এই লড়াইটিই এখন সবচেয়ে জরুরি।

