উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Election 2026)। কিন্তু বুধবার ভোটকেন্দ্রে গিয়েও ভোট না দিয়েই ফিরতে হল বারাসতের বিদায়ী তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjit Chakraborty)। কিন্তু হঠাৎ কী হল?
এদিন সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম বিকলের (EVM Glitch) ভুরিভুরি অভিযোগ সামনে আসছে। আর এই যান্ত্রিক বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার হলেন চিরঞ্জিত চক্রবর্তীও। বুধবার সকালে নির্ধারিত সময়েই চারুচন্দ্র কলেজে ভোট দিতে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বুথের ভেতর ইভিএম মেশিন বিকল থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। সময় গড়িয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ভোট না দিয়েই বেরিয়ে যান চিরঞ্জিত। পরে দুপুর নাগাদ পুনরায় ভোট দিতে আসবেন বলে জানিয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, শেষ দফার নির্বাচনে কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ার একাধিক কেন্দ্র থেকে ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে। কোথাও ভোট শুরুর আগেই যন্ত্র বিকল, আবার কোথাও ভোট চলাকালীন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।
এদিকে, বারাসতের রাজনীতির ময়দানে চিরঞ্জিত চক্রবর্তী এক পরিচিত মুখ। ২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের সময় থেকে টানা তিনবার (২০১১, ২০১৬, ২০২১) বিধায়ক হয়েছেন তিনি। ২০২৬-এর এই মহারণেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন চিরঞ্জিতকে চতুর্থবার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবার তিনি নিজেই ভোটযুদ্ধ থেকে অব্যাহতি চেয়েছেন। একুশের নির্বাচনের আগেও তিনি সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু দলনেত্রীর অনুরোধে লড়ে জয় ছিনিয়ে এনেছিলেন।
