উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চকোলেট মানেই কি ওজন বাড়ার ভয়? একদমই নয়! বরং সঠিক নিয়ম মেনে চকোলেট খেলে ওজন কমতে পারে ম্যাজিকের মতো (Weight Loss)। বর্তমান ব্যস্ত জীবনে ‘সুপারফুড’ হিসেবে জায়গা করে নিয়েছে ডার্ক চকোলেট। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেদ ঝরাতেও সাহায্য করে। কিন্তু ওজন কমাতে চাইলে যেমন-তেমন চকোলেট খেলে হবে না, মানতে হবে কিছু সহজ নিয়ম।
কোন চকোলেট বাছবেন?
বাজার চলতি সাধারণ চকোলেটে প্রচুর মিষ্টি ও ক্যালোরি থাকে। তাই ওজন কমাতে হলে এমন ডার্ক চকোলেট বেছে নিন যাতে অন্তত ৭০-৮০ শতাংশ কোকো (Cocoa) রয়েছে। কেনার সময় অবশ্যই দেখে নেবেন তাতে অতিরিক্ত চিনি বা রাসায়নিক মেশানো আছে কি না।
খাওয়ার সঠিক সময়
পুষ্টিবিদদের মতে, ডার্ক চকোলেট খাওয়ার সেরা সময় হলো দুপুরের খাবারের পর অথবা বিকেলের দিকে। এই সময় শরীরের বিপাকহার (Metabolism) সক্রিয় থাকে। এই সময়ে ডার্ক চকোলেট খেলে মিষ্টি খাওয়ার ক্রেভিং কমে যায়, যা পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, দিনে ২০-৩০ গ্রামের বেশি ডার্ক চকোলেট খাওয়া উচিত নয়।
কখন এড়িয়ে চলবেন?
বিকেলের পর বা রাতে ভুল করেও ডার্ক চকোলেট খাবেন না। এতে থাকা ক্যাফিন ও থিওব্রোমাইন আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। আর ঘুম ঠিকমতো না হলে ওজন কমানোর প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।
স্ট্রেস কমাতে এবং ডিপ্রেশন দূর করতেও ডার্ক চকোলেটের ভূমিকা অনস্বীকার্য। তাই ডায়েট মানেই মুখরোচক খাবার বন্ধ নয়, বরং ডার্ক চকোলেটকে সঙ্গী করে আজ থেকেই শুরু করুন আপনার ওয়েট লস জার্নি!
