Calcutta HC | হাইকোর্টে স্বস্তিতে উত্তরপ্রদেশের ‘সিংঘম’! অজয়ের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না উচ্চ আদালত

Calcutta HC | হাইকোর্টে স্বস্তিতে উত্তরপ্রদেশের ‘সিংঘম’! অজয়ের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না উচ্চ আদালত

শিক্ষা
Spread the love


Uploaded By: Sushmita Ghosh

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের বাংলায় এখন আলোচনার কেন্দ্রে একজনই—কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। উত্তরপ্রদেশের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ তথা ‘সিংঘম’ পুলিশ অফিসারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচনের দায়িত্বে থাকা কোনো পুলিশ অফিসারের কাজে আদালত কোনো বাধা দেবে না।

ঘটনার সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। গত সোমবার একটি ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ), যেখানে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন অজয় পাল শর্মা। সেখানে প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশে রীতিমতো ‘দাবাং’ স্টাইলে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, “সবাই কান খুলে শুনে রাখুন, কোনো ঝামেলা করলে এমন চিকিৎসা করব না… ওকে (জাহাঙ্গির) বলে দেবেন, এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে কেঁদেকেটেও লাভ হবে না।”

এই ঘটনার পরেই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। ভোটার ও প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ তুলে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন এক মামলাকারী। তাঁর আইনজীবীর সওয়াল ছিল, “অজয় পাল শর্মাকে আটকান, তিনি ভোটারদের হুমকি দিচ্ছেন।” কিন্তু আদালতের পর্যবেক্ষণ, নির্বাচনের এই সন্ধিক্ষণে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা অফিসারদের ওপর হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় নয়। ফলে, আপাতত কমিশনের এই ‘সিংঘম’ পর্যবেক্ষকের কাজে কোনো আইনি বাধা রইল না।

আদালতের রায়ের দিনই ফের রণক্ষেত্রের চেহারা নেয় ফলতা (Falta)। মঙ্গলবার জাহাঙ্গির খানের পাড়ায় অজয় পাল শর্মা পৌঁছানো মাত্রই তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন তৃণমূল অনুগামীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঁচিয়ে ভিড় সামলাতে হয়। একদিকে আদালতের রক্ষাকবচ, অন্যদিকে তৃণমূল প্রার্থীর গড় হিসেবে পরিচিত ফলতায় এই পুলিশি তৎপরতা—সব মিলিয়ে শেষ দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া এখন রীতিমতো তপ্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *