উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের প্রশাসনিক কাজের গতি বজায় রাখতে এবার বড় পদক্ষেপ নিল কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর (WB Authorities)। বৃহস্পতিবার দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিনেও পালা করে অফিসে আসতে হবে দপ্তরের বিভিন্ন শাখার কর্মীদের।
রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকেরা জনস্বার্থ ও জরুরি প্রশাসনিক (Administrative Order) প্রয়োজনে প্রায়শই ছুটির দিনেও কাজ করেন। তাঁদের কাজের গতি বজায় রাখতে এবং প্রয়োজনে প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, দপ্তরের সব শাখাকে এখন থেকে ‘রোস্টার ভিত্তিতে’ বা পালা করে ‘স্কেলিটন স্টাফ’ (ন্যূনতম কর্মী) ছুটির দিনগুলিতে অফিসে হাজির রাখতে হবে। দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন।
নবান্ন সূত্রে খবর, এই পদক্ষেপ শুধুমাত্র কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জন্য সীমাবদ্ধ নাও থাকতে পারে। যেহেতু জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও অফিসগুলি এই দপ্তরের অধীনে কাজ করে, তাই পরবর্তী পর্যায়ে রাজ্যস্তরের এই নির্দেশিকা জেলা ও মহকুমা স্তরেও কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কাজের যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
অন্যদিকে, রাজ্য সরকারের ছুটির তালিকা নিয়েও নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। গত ২৩ জুন প্রকাশিত আন্তঃদফতর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণ দিবস ছুটি থাকবে। এছাড়া ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্যপাল এই ছুটির অনুমোদন দিয়েছেন। প্রশাসনিক স্তরে একদিকে ছুটির দিনে কাজের নির্দেশিকা এবং অন্যদিকে বিশেষ ছুটির ঘোষণা—দুটি বিষয় নিয়েই নবান্নের (Nabanna) অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

