উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রূপোলি পর্দার গল্প নয়, বাস্তবের মাটিতে ফের রক্তে ভিজল ধানবাদের (Dhanbad) ওয়াসেপুর (Wasseypur)। আলোচিত ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর সুবাদেই যে এলাকার গ্যাং ওয়ারের কথা দেশজুড়ে পরিচিত হয়েছিল, ১৪ বছর পর সেই চেনা পথেই ফের গর্জে উঠল বন্দুক। সোমবার দিনদুপুরে বাইকে করে এসে দুই দুর্বৃত্ত এলোপাথাড়ি গুলি চালায় কুখ্যাত গ্যাংস্টার ফাহিম খানের ভাইয়ের ওপর। এই হামলায় মোট তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাংস্টার ফাহিম খান (Faheem Khan)—যিনি মূলত জনপ্রিয় সিনেমাটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনীত ‘ফয়জল খান’ চরিত্রের অনুপ্রেরণা বলে মনে করা হয়—তাঁর ভাই শানু খান সোমবার ওয়াসেপুরে একদল মানুষের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় একটি লাল রঙের বাইকে করে দুই দুষ্কৃতী সেখানে এসে অতর্কিতে গুলি চালাতে শুরু করে এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
এই হামলায় গুলিবিদ্ধ হন খোদ শানু খান। এছাড়া স্থানীয় এক দোকানের মালিক শাহম গুলিবিদ্ধ হন এবং ক্রসফায়ারের মাঝে পড়ে আহত হন এক পথচলতি মহিলাও। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সূত্রে খবর, বর্তমানে তিনজনই বিপদমুক্ত।
উল্লেখ্য, শানু খানের ওপর এর আগেও প্রাণঘাতী হামলা হয়েছিল। প্রায় এক বছর আগে আলিনগরের কাছে তার ওপর গুলি চালানো হলেও সে যাত্রায় তিনি অক্ষত বেঁচে ফিরেছিলেন। এই ঘটনার নেপথ্যে পুরনো কোনও শত্রুতা নাকি নতুন গ্যাং ওয়ার কাজ করছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের পালানোর রুট ট্র্যাক করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একাধিক তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই রোমহর্ষক ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

