উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ বিলে প্রস্তাবিত পরিবর্তনগুলিতে সন্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রীসভা। আজ বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই সন্মতি জানানো হয়। এর ফরে আইন হওয়ার পথে আরও একধাপ এগোলো ওয়াকফ সংক্রান্ত বিল। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তরফে ওয়াকফ আইনে ২৫ টি পরিবর্তন বা সংশোধন আনার সুপারিশ করা হয়েছিল। তার মধ্যে ১৪টি প্রস্তাব মেনে নিয়েছে মন্ত্রীসভা।
উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম দিকে বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই ওয়াকফ বিল পেশ করা হয়। তারপর সেই বিল পাঠানো হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে। বহু বিতর্কের পর কমিটি বেশ কিছু সংশোধনীর প্রস্তাব দেয়। চলতি মাসের শুরুতেই ওয়াকফ বিলের ১৪টি ধারায় ২৫টি সংশোধনী-সহ যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট রাজ্যসভায় পেশ হয়। বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যেই চেয়ারম্যান জগদীপ ধনকড় ওই রিপোর্ট গ্রহণ করেন। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র মেলায় আগামী ১০ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে খসড়াটি বিল আকারে সংসদে পেশ করা হতে পারে। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।
