উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসআইআরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কোন্নগরের বুথ স্তরের আধিকারিক (বিএলও) তপতী বিশ্বাস। তাঁর মাথায় রক্ষক্ষরণ হয়েছে বলে খবর। অসুস্থ হওয়ার খবর কানে আসতেই টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন বিএলওর পরিবারের সঙ্গে। পাঠিয়ে দেন এক লক্ষ টাকা আর্থিক সাহায্য।
বিএলওর পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপ নিতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। রাত জেগে এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করার চাপ নিতে পারছিলেন না তিনি। বিষয়টি বিএলওর দেওর প্রদীপ বিশ্বাস জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী অসুস্থ বিএলওর স্বামী ছবি বিশ্বাসকে আশ্বাস দেন সঠিক চিকিৎসার। পরে ছবি বিশ্বাসের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন শ্রীরামপুরের মহকুমাশাসকের দপ্তরের এক আধিকারিক।
অসুস্থ বিএলওর পরিবার সূত্রে জানা গিয়েছে, তপতী কোন্নগর নবগ্রামের বাসিন্দা। বয়স প্রায় ষাট বছর। গত বুধবার বিএলও তপতী এনুমারেশন ফর্ম বিলি করছিলেন কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। আচমকাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোন্নগর মাতৃসদনে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, মহিলার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে। সেরিব্রাল অ্যাটাকের কারণে তাঁর বাঁ দিক ‘অবশ’ হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
এদিকে, অসুস্থ বিএলও হাসপাতালে তপতীর সঙ্গে দেখা করে যান শ্রীরামপুরের মহকুমাশাসক শম্ভুদীপ সরকার। এ ছাড়াও, নির্বাচন কমিশনের লোকেরাও এসেছিলেন হাসপাতালে। অসুস্থতার কারণে তপতীকে বিএলওর দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
