গাজোল: ঘন কুয়াশার জেরে বিপত্তি। চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা বেসরকারি যাত্রীবাহী বাসের (Bus accident)। ঘটনায় আহত হয়েছেন ৪ জন বাস যাত্রী। পুলিশ এবং টোল প্লাজার উদ্যোগে আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে (Gazol Hospital)। প্রাথমিক চিকিৎসার পর ওই যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে থানায়। ট্রাকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সোয়া পাঁচটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, মালদার দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। ১২ নম্বর জাতীয় সড়কে ময়নার কাছে বাসের সামনে থাকা চলন্ত একটি ট্রাক হঠাৎ করেই ব্রেক কষে। আচমকা ট্রাকটি ব্রেক কষায় বাসটি সজোরে ধাক্কা মারে ট্রাকের পেছনে। ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সেই সময় যাত্রীরা ছিলেন ঘুমন্ত অবস্থায়। দুর্ঘটনার জেরে চারজন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টোল প্লাজার অ্যাম্বুলেন্স এবং পুলিশ। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। আহত বাসযাত্রীদের নাম সুশান্ত নায়েক (৫৩), রাজীব ঘোষ (২৬),সুমন মুখার্জি (২৬) এবং হারাধন রায় (২৬)। প্রত্যেকেরই বাড়ি বাঁকুড়া জেলায়। পুলিশের (Police) পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর সমস্ত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে নিয়ে আসা হয়েছে থানায়। পলাতক ট্রাকের খোঁজে বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে।
