সুস্মিতা গঙ্গোপাধ্যায়, আটলান্টা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লুকা মডরিচদের বিশ্বকাপ অধ্যায় শেষ। লিওনেল মেসির (Lionel Messi) কেরিয়ারও গোধূলিলগ্নে। চল্লিশের কোঠায় পা দেওয়া মানেই ফুটবলারদের বুট জোড়া তুলে রাখার সময়। কিন্তু এই বয়সেই যেন নতুন করে ফুটবল জীবন শুরু হতে চলেছে জসিমার হোসে এভোরা ডায়াস, অর্থাৎ ভোজিনহার (Vozinha)। এবারের আসরের অন্যতম সেরা আবিষ্কার কেপ ভের্দের (Cape Verde) ৩৯ বছরের এই গোলকিপারের সামনে এখন ক্লাব ফুটবলের এক বিশাল দরজা খুলে যাওয়ার অপেক্ষায়।
রাউন্ড অফ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভের্দে হারলেও ভোজিনহার অনবদ্য পারফরমেন্সে মন জিতেছিল গোটা বিশ্বের। ফ্লোরিডার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হার্ড রক স্টেডিয়ামে বসে সেই ম্যাচ দেখার পরই ডেভিড বেকহ্যামের নোটবুকে নাম উঠে গিয়েছে ভোজিনহার। ইন্টার মায়ামি তাঁকে সই করাতে রীতিমতো আগ্রহী। ৩০ জুন পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ায় ভোজিনহা এখন ফ্রি এজেন্ট। আর মায়ামির ট্রান্সফার নীতি অনুযায়ী, ফ্রি এজেন্ট ফুটবলারদের সই করানোই তাদের প্রথম পছন্দ।
সবকিছু ঠিক থাকলে ফুটবল জীবনের সায়াহ্নে এসে এক অভাবনীয় স্বপ্নপূরণ হতে পারে ভোজিনহার। বেকহ্যামের ক্লাবে সই করা মানেই স্বয়ং মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ শেষে মেসিকে আলাদা করে ভোজিনহার সঙ্গে কথা বলতে এবং তাঁকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল। মেসির সেই প্রশংসাই হয়তো মায়ামি কর্তাদের আরও বেশি করে আগ্রহী করে তুলেছে।

