Virat Kohli-Rojhit Sharma | কোহলির টুইটে বিরাট জল্পনা! মিশন অস্ট্রেলিয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু ‘রোকো’-র

Virat Kohli-Rojhit Sharma | কোহলির টুইটে বিরাট জল্পনা! মিশন অস্ট্রেলিয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু ‘রোকো’-র

ভিডিও/VIDEO
Spread the love


পারথ: টাচডাউন অস্ট্রেলিয়া। নয়াদিল্লি থেকে সিঙ্গাপুর হয়ে পারথ। মাঝপথে সিঙ্গাপুর থেকে পারথের বিমান চার ঘণ্টা বিলম্বিত হয়। ফলে দীর্ঘসময় অপেক্ষা করতে হয় ভারতীয় ক্রিকেটারদের।

অস্ট্রেলিয়ার সময় ভোররাতে ভারতীয় দল শেষপর্যন্ত পা রাখে স্যর ডন ব্র্যাডম্যানের দেশে। রবিবার পারথের অপটাস স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচ। স্বাভাবিকভাবেই ভারত-অজি সিরিজকে কেন্দ্র করে স্যর ডনের দেশে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন অবস্থার মধ্যে আজ জোড়া ঘটনা হইচই ফেলে দিয়েছে ক্রিকেটমহলে। এক, পারথে পৌঁছানোর কিছুক্ষণ পরই বিরাট কোহলি সমাজমাধ্যমে বার্তা দেন। তাঁর সেই বার্তার মধ্যে সিরিজ শেষে অবসরের ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। দুই, দীর্ঘ বিমানযাত্রা ও বিমান বিলম্বিত হওয়ার পরও আজ বিকেলেই অপটাস স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। আর সেই অনুশীলনের মূল আকর্ষণ হিসেবে কোহলি ও রোহিত শর্মার দিকে নজর ছিল ক্রিকেট সমাজের। দুজনকেই ব্যাট হাতে নেটে ছন্দে দেখিয়েছে। বিরাট একটু বেশিই ছন্দে রয়েছেন বলে মনে হয়েছে।

অস্ট্রেলিয়ায় পা রাখার পর কোহলি আচমকা সমাজমাধ্যমে ১৩ শব্দের বার্তা দেন। তিনি লিখেছেন, ‘যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই সে সত্যিকারের ব্যর্থ।’ বিরাটের এমন বার্তা নিয়ে দ্রুত চর্চা শুরু হয়ে গিয়েছিল। মনে করা হচ্ছিল, কোহলি তাৎপর্যপূর্ণভাবে তাঁর অবসর বার্তা ঘোষণা করছেন। ঘণ্টাখানেক পর ফের সমাজমাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন কোহলি। তিনি লেখেন, ‘ব্যর্থতা আপনাকে যা শেখাবে, জয় তা কোনওদিনও শেখাবে না।’ বিরাটের জোড়া পোস্ট নিয়ে সারাদিন ধরে হইচই হয়েছে ক্রিকেটমহলে। প্রাক্তন ভারত অধিনায়কের মনের অন্দরে ঠিক কী চলছে, তার হদিস নেই কারও কাছে। অথচ, কোহলি অপটাস স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে বিকেলে চুটিয়ে অনুশীলন করেছেন। অন্তত ৪০ মিনিট নেটে টানা ব্যাটিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে পেস ও বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নেমে সেরাটা উজাড় করে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট।

তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন ভারত অধিনায়ক রোহিতের দিকেও নজর রয়েছে দুনিয়ার। বিরাটের ঠিক পাশের নেটেই রোহিত ব্যাটিং চর্চা সেরেছেন আজ। অস্ট্রেলিয়ার পিচের বাড়তি বাউন্সের মোকাবিলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেই নেটে সময় কাটিয়েছেন হিটম্যান। অন্তত ৩৫ মিনিট তিনিও নেটে ব্যাটিং করেছেন। পরে নেট থেকে বেরিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ‘রোকো’ জুটিকে আলোচনাও করতে দেখা গিয়েছে। বিরাটকে ব্যাট হাতে নেটে যতটা সাবলীল দেখিয়েছে আজ, রোহিতকে হয়তো ততটা ছন্দে দেখা যায়নি। কিন্তু হিটম্যান খুব একটা পিছিয়েও ছিলেন না।

৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার ‘রোকো’-কে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বাইশ গজে দেখা গিয়েছিল। মাঝে অনেকটা সময় পার। তার মধ্যে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন বদলের ঘটনাও ঘটে গিয়েছে। ‘রোকো’ জুটি টেস্টের আঙিনায় প্রাক্তন হয়ে গিয়েছেন। রবিবার থেকে ভারত-অজি একদিনের সিরিজ শুরুর আগে ‘রোকো’-র ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা। তাঁরা কি সত্যিই রবিবার থেকে শুরু হতে চলা সিরিজের পরই অবসর নেবেন?

ইঙ্গিত মিললেও স্পষ্ট জবাব নেই। এমন অবস্থার মধ্যে আজ চোটের কারণে আসন্ন সিরিজের বাইরে থাকা অজি পেসার প্যাট কামিন্স আজ ‘রোকো’ জুটির ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। দীর্ঘসময় ধরে ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ হয়ে থাকা রোহিত-বিরাটরা চলতি সিরিজের পরই অবসর ঘোষণা করতে পারেন, কামিন্সের কথায় এমন ইঙ্গিত রয়েছে। প্যাট বলেছেন, ‘বিরাট-রোহিতরা ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের হয়ে খেলছে। দুনিয়ার সব প্রান্তে ওরা সমর্থনও পেয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা আমাদের দেশে আসন্ন সিরিজে শেষবার ওদের দেখতে চলেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *