উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় সংগীত ও বন্দে মাতরম (Vande Mataram Controversy) গাওয়া নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সাম্প্রতিক বৈঠকে দলের ১৯৩৬-৩৭ সালের প্রস্তাবকে অনুসরণ করে শুধুমাত্র বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরেই তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। কংগ্রেসের এই পদক্ষেপকে দেশের বিভাজনের ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি বলে কটাক্ষ করেছেন তিনি।
অমিত শা বলেন, মুসলিম তোষণের জন্য ১৯৩৭ সালে বন্দে মাতরমকে দু’টুকরো করার মাধ্যমেই কংগ্রেস দেশভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আজ নরেন্দ্র মোদি সরকারের আমলে সেই ঐতিহাসিক ভুলের অবসান ঘটিয়ে পুরো গানটি গাওয়ার নিয়ম করা হয়েছে এবং তা আইনি রূপ পেয়েছে। কিন্তু কংগ্রেস আবারও সেই তোষণের রাজনীতিতে ফিরে গেল।” একইসঙ্গে তিনি দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাম্প্রতিক মন্তব্য এবং রাহুল গান্ধির নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই সরকারি অনুষ্ঠান, স্কুল এবং জনসমাবেশগুলিতে সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র। পাশাপাশি সংসদে আইন পাশ করে এই গান গাওয়ায় ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা বা বিঘ্ন ঘটানোকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেস তার অবস্থানে অনড় রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও অন্যান্য নেতারা এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে জানান, ১৯৩৭ সালে মহাত্মা গান্ধি, জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেলের নেওয়া সিদ্ধান্তকেই দল অনুসরণ করছে। স্বাধীনতা আন্দোলনে বিজেপি বা আরএসএস-এর অবদান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুই রাজনৈতিক শিবিরের এই পালটা আক্রমণে জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে।

