শুভঙ্কর চক্রবর্তী
ঘন জঙ্গল বা পাহাড়ের আড়ালে ছোট্ট একটি চালাঘর। বাইরে থেকে দেখলে অতিসাধারণ মনে হবে। কিন্তু তার ভেতরে বাংকার বানিয়ে রাখা লেদ মেশিন, ধাতু কাটার যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের সরঞ্জাম। পুলিশের অভিযানে সেই সাধারণ ঘর থেকেই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, যন্ত্রাংশ এবং তৈরি বন্দুক। উত্তর-পূর্ব ভারতের (Northeast India) প্রত্যন্ত পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকাগুলিতে এভাবেই গড়ে উঠেছে বেআইনি অস্ত্র তৈরির (Unlawful arms factories) বহু কারখানা। বিদেশি নকশা, প্রযুক্তি ও যন্ত্রাংশের সাহায্যে তৈরি সেই অস্ত্র ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে। চিন এবং মায়ানমার থেকে দক্ষ কারিগররা অস্ত্র তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন ওই গোপন কারখানাগুলিতে। অস্ত্র তৈরির সরঞ্জামও আসছে চিন থেকে। শুধু বিদেশ থেকে ঢোকা অস্ত্রই নয়, উত্তর-পূর্ব ভারতের এইসব কারখানা থেকে সরবরাহ হওয়া অস্ত্রও জাতীয় নিরাপত্তায় ক্ষেত্রে মাথাব্যথার বড় কারণ হয়ে উঠেছে।
কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে (Central Intelligence Report) অস্ত্র তৈরি ও সরবরাহের ভয়ংকর তথ্য উঠে এসেছে৷ গোয়েন্দা রিপোর্ট অনুসারে অস্ত্র কারবারের প্রযুক্তিগত প্রেক্ষাপট আরও উদ্বেগজনক। মায়ানমারে বেআইনি অস্ত্র তৈরির বিশাল পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে চিন, কোরিয়া এমনকি ইউক্রেনের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন পরিকাঠামো এবং প্রশিক্ষণ পাওয়ার তথ্য উঠে এসেছে। চিনের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের সহায়তা এবং কারখানার কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে মায়ানমারে বেআইনি অস্ত্র উৎপাদনের ক্ষমতা বাড়িয়েছে কারবারিরা। সেই অস্ত্র সরাসরি ঢুকছে ভারতে। উত্তর-পূর্ব ভারত হয়ে গোপন রুটে অস্ত্র যাচ্ছে বাংলাদেশের জঙ্গিঘাঁটিতেও।
সূত্রের খবর, মায়ানমারের শান ও কাচিন প্রদেশের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের ব্যবহারের জন্য তৈরি অস্ত্র বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেছে। আর সেই বিক্রির অন্যতম বাজার উত্তর-পূর্ব ভারত। শান প্রদেশে চিন সীমান্তের কাছাকাছি কুনমা এলাকায় একাধিক গোপন অস্ত্র কারখানা গড়ে উঠেছে। এলাকাটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মির নিয়ন্ত্রণাধীন। তাদের প্রধান ঘাঁটি পাংসাং থেকে কুনমার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। সেখানে রুশ একে-৪৭’এর চিনা নকশা অনুসরণে তৈরি এম-২২ অ্যাসল্ট রাইফেল এবং চিনা নকশার হালকা মেশিনগান- এম-২৩ লাইট মেশিনগান বেশি তৈরি হচ্ছে। এই দুই অস্ত্রে ব্যবহারের জন্য প্রচুর পরিমাণ ৭.৬২ মিলিমিটার গোলাবারুদও তৈরি হচ্ছে বলে আশঙ্কা গোয়েন্দাদের। ওইসব কারখানায় ব্যবহৃত কাঁচামাল, যন্ত্রাংশ এবং প্রযুক্তিগত সহায়তা চিন থেকে আসছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। অর্থাৎ বিষয়টি শুধু চিনা অস্ত্র আমদানি করে মজুত করা নয়, চিনা নকশা ও প্রযুক্তিগত সহায়তায় মায়ানমার এবং ভারতের মাটিতেই অস্ত্র তৈরির ব্যবস্থা গড়ে উঠেছে। তাই সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা।
গোয়েন্দা অনুসন্ধানে আরও একটি গুরুত্বপূর্ণ নাম এসেছে, নিউ ডেমোক্র্যাটিক আর্মি-কাচিন (এনডিএ-কে)। তাদের ঘাঁটি পাংওয়া এলাকায়। তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীরও অস্ত্র কারখানা আছে। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল, পিস্তল, রিভলভার ও শটগান তৈরি হচ্ছে। এই অস্ত্রের ক্রেতাদের মধ্যে উত্তর-পূর্ব ভারতের নাগা, অসমিয়া ও মণিপুরি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা আছেন। তাঁদের অনেকেরই মায়ানমারের সাগাইং অঞ্চলে ভারতীয় সীমান্তের কাছে ঘাঁটি আছে বলেও খবর। মায়ানমারের কাচিন প্রদেশ থেকে সিংকালিং খামতি হয়ে সাগাইং অঞ্চলে অস্ত্র আসছে বলেও খবর পৌঁছেছে সেনা গোয়েন্দাদের কাছে।
মেঘালয়ের মৌসিনরাম, চেরাপুঞ্জি, মণিপুরের উখরুলে বেআইনি অস্ত্র তৈরি ও মেরামতের কারখানা চলছে বলে খবর পেয়েছেন আসাম রাইফেলসের গোয়েন্দারা। পূর্ব খাসি পাহাড়ের সিন্নি এলাকার জঙ্গলে অস্ত্র কারবারিদের সক্রিয়তা চিন্তা বাড়াচ্ছে সেনা গোয়েন্দাদের। মণিপুরের এক পুলিশ আধিকারিকের কথা, ‘একটি কারখানা বন্ধ করা হলে অন্য কোথাও আবার নতুন করে উৎপাদন শুরু হয়ে যাচ্ছে। পাহাড়ি দুর্গম এলাকা এবং নজরদারির অভাব এই কারবারকে সুবিধা করে দিচ্ছে।’ উত্তর-পূর্বে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ চক্রের তদন্তে নেমেছে এনআইএ। সূত্রের খবর, সম্প্রতি ইম্ফল পশ্চিমের খুম্বং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার হয় স্থানীয়ভাবে তৈরি একটি কারবাইন মেশিনগান সহ কয়েকটি একনলা এবং দোনলা বন্দুক। একটি দোনলা বন্দুকের গায়ে লেখা ছিল—‘AMAR CO AMAR WORKSHOP 28035-2007’। গোয়েন্দাদের ধারণা, অস্ত্র কারবারিরা কোথায় অস্ত্রটি তৈরি হয়েছে তা জানান দিতেই ওই কোড নেম ব্যবহার করেছেন।
দীর্ঘদিন আসাম রাইফেলসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো এক প্রাক্তন সেনাকর্তার বক্তব্য, ‘ভারত-মায়ানমার সীমান্তের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। অস্ত্র কারবার একটি বড় সমস্যার দিকে ইঙ্গিত করছে। উত্তর-পূর্বে অস্ত্রের অবৈধ বাজার শুধু বাইরে থেকে বন্দুক আমদানির ওপর নির্ভরশীল নয়। স্থানীয় কারিগরি দক্ষতা এবং অস্ত্র তৈরির কারখানা যেভাবে বাড়ছে এবং যেভাবে চিনা মদত আসছে তা চিকেনস নেকের জন্য যথেষ্ট উদ্বেগের।’ গোয়েন্দাদের মতে, উত্তর-পূর্বের প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা বেআইনি অস্ত্র কারখানা, তাদের আর্থিক জোগান, প্রযুক্তির উৎস এবং তৈরি অস্ত্রের ক্রেতাদের চিহ্নিত করে পদক্ষেপ করা অত্যন্ত জরুরি। কারণ, জঙ্গলের আড়ালে তৈরি অস্ত্র শেষপর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, সেই প্রশ্নের উত্তর না মিললে জাতীয় নিরাপত্তা বড়সড়ো বিপদের মুখে পড়বে। (চলবে)

