Tulu Mondal | নেপালে পালানোর ছক বানচাল! উত্তরবঙ্গ থেকে পুলিশের জালে টুলু মণ্ডলের ভাগ্নে

Tulu Mondal | নেপালে পালানোর ছক বানচাল! উত্তরবঙ্গ থেকে পুলিশের জালে টুলু মণ্ডলের ভাগ্নে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে চম্পট দেওয়ার পরিকল্পনা এক মুহূর্তে পণ্ড! অবশেষে উত্তরবঙ্গ থেকে পুলিশের জালে ধরা পড়লেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) ভাগ্নে শেখ ওয়াসিম (Nephew arrested)। সূত্রের খবর, শনিবার তাঁকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও অপর এক সূত্রের দাবি, শুক্রবার রাতে শেখ ওয়াসিমকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তারির পর তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২৫ সেপ্টেম্বর রামপুরহাট-১ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা অবৈধ পাথর কারবারের অভিযোগে রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে রামপুরহাটের মহকুমা শাসকের কাছেও একাধিক বেনামী অভিযোগ জমা পড়েছিল। প্রশাসনের আধিকারিকরা এলাকায় যৌথ পরিদর্শন চালাতেই একের পর এক বেআইনি পাথর খাদানের তথ্য সামনে আসে। সেই সময়ই উঠে এসেছিল শেখ ওয়াসিমের নাম।

সম্প্রতি টুলুর আরও এক আত্মীয় মিনার মণ্ডল গ্রেপ্তার হতেই ওয়াসিমের যোগসূত্র আরও স্পষ্ট হয়। উল্লেখ্য, মিনারের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ, যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যজুড়ে। ধৃতের পরিবার দাবি করে, এই বিপুল পরিমাণ সম্পত্তি আসলে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের।

মিনার গ্রেপ্তার হতেই গ্রেপ্তারির আশঙ্কায় নেপালে গা ঢাকা দেওয়ার ছক কষেছিলেন ওয়াসিম। কিন্তু শেষরক্ষা হয়নি, তার আগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই বেআইনি পাথর ব্যবসার জালে আর কে কে জড়িয়ে রয়েছে এবং মামা টুলু মণ্ডলের সঙ্গে ওয়াসিমের ঠিক কী ধরনের ব্যবসায়িক লেনদেন চলত, তা খতিয়ে দেখতে ধৃতকে জেরা করছে পুলিশ। এদিকে, এখনও খোঁজ মেলেনি টুলু মণ্ডলের। তাঁর খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *