Suvendu Adhikari | মমতার পা ভাঙার দাবি উড়িয়ে কড়া বার্তা শুভেন্দুর, পালটা জবাব কুণালের!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রচারে গিয়ে পা ভাঙার দাবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক ফের উসকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সচিবালয় থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর পায়ে চোট লাগার যে তথ্য দিয়েছিলেন, তা সম্পূর্ণ ‘মিথ্যা প্রচার’ ছিল। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ৯ অক্টোবর উপনির্বাচনের পর নির্বাচনী আচরণবিধি উঠলেই এই ‘মিথ্যা প্রোপাগাণ্ডা’র বিরুদ্ধে সরকারিভাবে নতুন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হবে।

এদিন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিও ডায়াগনোসিস বিভাগের একটি চিকিৎসা সংক্রান্ত নথি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি জানান, চিকিৎসকের নথিতে স্পষ্ট উল্লেখ ছিল যে, সেসময়ে মমতার পায়ে কোনও ‘ফ্র্যাকচার’ বা হাড় ভাঙার ঘটনা ঘটেনি। শুভেন্দুর অভিযোগ, সেই সময় সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা নাটক করে পুরো নন্দীগ্রামবাসীকে অপমান করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।

যদিও এই অভিযোগকে পুরোপুরি ‘রুচিহীন ও রাজনৈতিক কুৎসা’ বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। বিধায়ক তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আঘাত ও জখম নিয়ে এই ধরনের রাজনীতি অত্যন্ত নিন্দনীয়। তাঁর দাবি, পায়ের নরম টিস্যু, পেশি ও হাড়ে গভীর আঘাত লাগার কারণে সেই আঘাত সারতে দীর্ঘ সময় লাগে এবং এখনও তাঁর পায়ে ফোলা ভাব পুরোপুরি স্বাভাবিক হয়নি। চিকিৎসকেরাও সেই জখমের সাক্ষী ছিলেন।

আগামী মঙ্গলবার নন্দীগ্রামে (Nandigram) বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলায় বর্তমানে এলাকায় নির্বাচনী আচরণবিধি বলবৎ রয়েছে। সেই কারণে এই মুহূর্তে বাড়তি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *