Toy Practice | পাহাড়ের বুকে ফের ফিরছে শতাব্দীপ্রাচীন ৭৯৯-বি, ডিসেম্বরেই কি ট্র্যাক কাঁপাবে খেলনা গাড়ি?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নিতাই সাহা, শিলিগুড়ি: ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে পাহাড়ের বুক বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে খেলনা গাড়ি (Toy Practice)। আঁকাবাঁকা পথে ছুটতে ছুটতে কখনও মিলিয়ে যাচ্ছে কুয়াশার আড়ালে, আবার কখনও হুইসলের শব্দে জানান দিচ্ছে নিজের উপস্থিতি। দৃশ্যটা এখন শুধুই স্মৃতি। তবে খুব শীঘ্রই সেই স্মৃতিই ফের বাস্তব হয়ে উঠতে পারে।

তিনধারিয়ার ওয়ার্কশপে এখন চলছে প্রস্তুতি। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় দিল্লির মিউজিয়ামে কাটানোর পর পাহাড়ে ফিরেছে ৭৯৯-বি স্টিম ইঞ্জিন। শতাব্দীপ্রাচীন সেই ইঞ্জিনকে ফের ট্র্যাকে নামানোর তোড়জোড় শুরু হয়েছে। চলছে পরিচর্যা, চলছে মেরামতি। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই পর্যটকবোঝাই খেলনা গাড়ি নিয়ে দার্জিলিং রেলওয়ে স্টেশন (Darjeeling Railway Station) থেকে ফের যাত্রা শুরু করতে পারে ৭৯৯-বি (799-B)।

একসময় যে ইঞ্জিনের কুণ্ডলি পাকানো ধোঁয়া পাহাড়ের আকাশে মিশে যেত, সেই ইঞ্জিনই এতদিন ছিল দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামে। এবার তার ঠিকানা তিনধারিয়া। ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরীর কথায়, ‘শতাব্দীপ্রাচীন ওই স্টিম ইঞ্জিনটির মেরামতি হচ্ছে। শীঘ্রই ট্র্যাকে নামানো হবে। পর্যটকমহলে আকর্ষণের অন্যতম কারণ হতে চলেছে ওটা। সেইসঙ্গে রেলের ইতিহাসেও ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে।’

কিন্তু ৭৯৯-বি’র গল্প আজকের নয়। তখন ব্রিটিশ শাসনকাল। আনুমানিক ১৯২৫ সাল। বিদেশের মাটিতে তৈরি হয়েছিল এই স্টিম ইঞ্জিন। তারপর দার্জিলিংয়ে এসে পৌঁছায়। পাহাড়ের আঁকাবাঁকা পথই হয়ে ওঠে তার চলার সঙ্গী। কখনও ব্রিটিশ সরকারের পদাধিকারীদের নিয়ে, কখনও পর্যটকদের নিয়ে। এভাবেই কেটে যায় বছরের পর বছর। টানা ১৯৯০ সাল পর্যন্ত পাহাড়ের পথে ছুটে বেড়ায় ৭৯৯-বি। তারপর থেমে যায় সেই ছুটে চলা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দুর্দিন ক্রমশ প্রকট হতে থাকায় ইঞ্জিনটিকে পাঠিয়ে দেওয়া হয় দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামে। পাহাড়ের রেললাইন ছেড়ে নতুন ঠিকানা হয় মিউজিয়াম। দীর্ঘ সময় ধরে সেখানেই সাজিয়ে রাখা ছিল শতাব্দীপ্রাচীন ইঞ্জিনটি। দেশ-বিদেশের মানুষের কাছে মিউজিয়ামেই হয়ে উঠেছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।

১৯ শতকের শেষ দিকে ইউনেসকোর তরফে হেরিটেজ তকমা পাওয়ার পর ক্রমেই ডিএইচআরের আর্থিক স্থিতি বদলাতে থাকে। বাড়তে থাকে নিত্যনতুন জয় রাইডের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা। এই পরিস্থিতিতে ২০২৫ সালে ৭৯৯-বি-কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ডিএইচআর কর্তৃপক্ষ। সে বছরই শতবর্ষ পূর্ণ করে ইঞ্জিনটি। বর্তমানে বয়স ১০১। ডিএইচআর সূত্রে খবর, ২০২৫ সালের শেষ দিকেই দিল্লির মিউজিয়াম থেকে ফিরিয়ে আনা হয় ৭৯৯-বি-কে। রেলকর্তাদের দাবি, সংস্কার শেষ হলে ইঞ্জিনটিকে দার্জিলিং-ঘুম জনপ্রিয় রুটে চালানো হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *