উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের ফলাফলের (WB Meeting Election End result 2026) পর দীর্ঘ ২৬ দিনের ‘মৌনতা’ কাটিয়ে ফের রাজপথের লড়াইয়ে ফিরছে তৃণমূল কংগ্রেস (TMC Protest)। একদিকে যেমন দলীয় কর্মীদের মনোবল ফেরাতে আগামী ২ জুন ধর্মতলার রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভে বসার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবার নামছেন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে।
ভোট পরবর্তী হিংসা, কারচুপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার করার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। আগামী সপ্তাহের কর্মসূচির জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি সফল হলে তা নির্বাচনের পর নেত্রীর প্রথম সরাসরি রাজনৈতিক আন্দোলন হিসেবে গণ্য হবে।
অন্যদিকে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে নামা ঘিরে রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। ভোটের পর থেকে কালীঘাটের অন্দরে সীমাবদ্ধ থাকা অভিষেক এদিন সোনারপুর দক্ষিণ ও বেলেঘাটার দুই আক্রান্ত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তবে, এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। আগে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা এবং বিশাল কনভয়ের সুরক্ষা বলয়ে থাকা অভিষেক এবার অনেকটাই একা। নিরাপত্তা ছাঁটাইয়ের কারণে কনভয়ে গাড়ির সংখ্যা কমেছে, নেই আগের মতো পুলিশের বিশাল পাহারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী রাজনীতির এই ‘কঠিন বাস্তব’ তিনি প্রথমবার সরাসরি প্রত্যক্ষ করতে চলেছেন।
দলের অন্দরেও এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করছেন, এটি অভিষেকের কাছে ‘আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার সময়’। আবার কেউ কেউ বলছেন, কর্মীদের মনোবল বাড়াতে এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। বিজেপির তরফে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী কটাক্ষ করে বলেছেন, জনগণের ক্ষোভের প্রতিফলন অভিষেকের কর্মসূচিতে দেখা যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
রাজনৈতিক মহলের প্রশ্ন, পুলিশি নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে অভিষেক কি আদৌ নিজের রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে পারবেন? নাকি প্রতিপক্ষ দলের বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়ে তাঁর এই কর্মসূচি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে? সব মিলিয়ে, শনিবারের অভিষেক বন্দোপাধ্যায়ের কর্মসূচি তৃণমূলের জন্য যেমন অগ্নিপরীক্ষা, তেমনই রাজ্য রাজনীতির উত্তাপ বৃদ্ধির নতুন ইঙ্গিত।
