Jamuria | প্রাক্তন বিধায়ক-পুত্রের অফিসে পুলিশের হানা, ৮০টি গুলির খোল ও আপত্তিকর নথিপত্র উদ্ধার, জামুড়িয়ায় চাঞ্চল্য  

Jamuria | প্রাক্তন বিধায়ক-পুত্রের অফিসে পুলিশের হানা, ৮০টি গুলির খোল ও আপত্তিকর নথিপত্র উদ্ধার, জামুড়িয়ায় চাঞ্চল্য  

শিক্ষা
Spread the love


জামুড়িয়াঃ  একসময় যাঁকে নিয়ে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কবাণী শোনাতে হয়েছিল, সেই প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের পুত্র প্রেমপাল সিংয়ের অফিসে পুলিশের হানা ঘিরে বুধবার বিকেলে উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমানের জামুড়িয়া (Jamuria)। বহুলা এলাকায় প্রেমপালের অফিসে অভিযান চালিয়ে পুলিশ ৮০টি গুলির খালি খোল (কার্তুজ) এবং বেশ কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে প্রবল শোরগোল পড়ে গিয়েছে।

২০২১ সালে জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন হরেরাম সিং। অভিযোগ, বাবার রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে তাঁর পুত্র প্রেমপাল সিং গত পাঁচ বছর জামুড়িয়া এলাকায় কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। প্রেমপালের ঔদ্ধত্য এতটাই বেড়ে গিয়েছিল যে, এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকেই হরেরাম সিংকে তাঁর ছেলের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। দলের অন্দরেও বিধায়ক-পুত্রকে নিয়ে অস্বস্তি চরমে উঠেছিল।

তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই প্রেমপাল সিংকে আর এলাকায় দেখা যায়নি। তিনি বেপাত্তা হয়ে রয়েছেন।

বুধবার দুপুরের পর জামুড়িয়া থানার পুলিশের একটি বিশেষ দল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলার ওই অফিসে অতর্কিতে অভিযান চালায়। পুলিশের তল্লাশিতে অফিস থেকে ৮০টি খালি কার্তুজ উদ্ধার হয়, যা এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া নথিপত্রগুলিও অত্যন্ত আপত্তিকর।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “অফিস থেকে ৮০টি গুলির খোল উদ্ধার করা হয়েছে। কোন সময় এই গুলিগুলি চালানো হয়েছিল, তার তদন্ত শুরু হয়েছে। এছাড়া বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। তবে হরেরাম সিং বা তাঁর পুত্র প্রেমপাল—কাউকেই ওই সময়ে অফিসে পাওয়া যায়নি।”

পুলিশের এই হানা ফের একবার প্রেমপাল সিংকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রাক্তন বিধায়ক ও তাঁর পুত্রের এই অফিস থেকে অস্ত্র ব্যবহারের প্রমাণ মেলায় স্থানীয়দের মনে আতঙ্ক তৈরি হয়েছে। সরকার বদলের পর প্রেমপালের এই ‘অপারেশন’ ও তার রহস্যময় অন্তর্ধান নিয়ে এখন নানা মহলে জল্পনা তুঙ্গে। ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ। প্রেমপাল ও তাঁর বাবা বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়েও শুরু হয়েছে ব্যাপক খোঁজখবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *