জামালদহ: জামালদহের নির্যাতিতা নাবালিকার দিদির অস্বাভাবিক মৃত্যুর সঙ্গেও কি যোগ রয়েছে অভিযুক্তের? নির্যাতিতার স্বীকারোক্তির (Jamaldah Rape Case) পর এই প্রশ্নই ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। নির্যাতিতা নাবালিকা তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছে, অভিযুক্ত অত্যাচারের সময় তার দিদির মৃত্যুর প্রসঙ্গ তুলে হুমকি দেয়। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণনাশেরও হুঁশিয়ারি দেয় সে। এই স্বীকারোক্তি গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে চলেছে বলে মনে করছেন তদন্তকারীরা। পরিবার সূত্রে খবর, কয়েকবছর আগে নির্যাতিতার দিদির অস্বাভাবিক মৃত্যু হয়।
উল্লেখ্য, মেখলিগঞ্জের জামালদহে নদীর ধারে খড়ি আনতে গিয়ে বাড়ির পাশের ষাটোর্ধ ব্যক্তির হাতে ধর্ষিত হয় ১১ বছরের নাবালিকা। বৃহস্পতিবার দুপুরের ঘটনার কথা বাড়ির লোক জানলেও শনিবার তা প্রকাশ্যে আসে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও রাতেই রাজ্য সড়ক ১৬ এ অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। এই ঘটনায় সরব হয়েছে জামালদহ সচেতন নাগরিক মঞ্চ। তাদের ডাকে রবিবার সকাল থেকেই জামালদহে চলছে ১২ ঘণ্টার বনধ। অপরদিকে নাবালিকার চাঞ্চল্যকর স্বীকারোক্তির ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। এসইউসিআই এর পক্ষ থেকেও রবিবার জামালদহ বাজারে প্রতিবাদ মিছিল বের করা হয়। অভিযুক্তের বাড়ির সামনে কড়া পাহারায় রয়েছে পুলিশের বিশেষ টিম।
