কোচবিহার: জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ পুরস্কার পেল কোচবিহারের (Cooch Behar) রূপান বর্মন। শনিবার সন্ধ্যায় কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
গত ২৪ অগাস্ট এবিএন শীল সহ কোচবিহারের বেশকিছু কলেজে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন হয়। অঙ্ক, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও রসায়নের ওপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় জেলায় প্রায় ৫ হাজার পড়ুয়া অংশ নেয়। এরমধ্যে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়। এরপর গত ৩ এবং ৪ জানুয়ারি কলকাতার কসবায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ হয়। তাতে কোচবিহার জেলা থেকে শুধুমাত্র রূপান এই পুরস্কারের জন্য মনোনীত হয়।
নবম শ্রেণিতে পড়ার সময়ে রূপান বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় নবম হয়। শনিবার পুরস্কার পেয়ে কলকাতা থেকে এই কৃতী ছাত্র বলে, ‘পুরস্কার পেয়ে সত্যি খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে।’ তার বাবা ভজন বর্মন বলেন, ‘কোচবিহার থেকে এ বছর একমাত্র রূপান এই পুরস্কার পেল। এতে বাবা হিসাবে গর্বিত মনে হচ্ছে।’
