Swarup Biswas | তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস

Swarup Biswas | তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের অন্দরে দীর্ঘদিনের ‘সিন্ডিকেট রাজ’ এবং তোলাবাজির অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশ তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের বিখ্যাত টেকনিশিয়ান স্টুডিয়োর সঙ্গে যুক্ত সাধারণ কর্মীদের একাংশের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলাবাজি চালানোর অভিযোগ উঠছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। স্টুডিয়োর স্পট বয়, লাইটম্যান থেকে শুরু করে বিভিন্ন সাধারণ টেকনিশিয়ানদের কাজের সুযোগ করে দেওয়ার নাম করে বা প্রভাব খাটিয়ে নিয়মিত টাকা তোলা হতো বলে অভিযোগ। এই বিষয়ে নিউ আলিপুর থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

স্বরূপ বিশ্বাসের এই গ্রেপ্তারি শুধু টলিউডের স্টুডিও পাড়াতেই নয়, রাজ্যের রাজনৈতিক মহলেও বড়সড় ঝাঁকুনি দিয়েছে। কারণ, স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের জনপ্রতিনিধি। স্টুডিও পাড়ার অন্দরে সরকার বদলের আগে অবধি বিশ্বাস পরিবারের একচ্ছত্র প্রভাবের কথা রাজ্য রাজনীতিতে সর্বজনবিদিত। ফলে, স্বরূপের এই গ্রেপ্তারির পর টলিউডের ফেডেরেশন ও বিভিন্ন সংগঠনের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রভাব খাটানোর সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিউ আলিপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃত স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নিয়ে এই তোলাবাজি চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হবে। এই টাকা আদায়ের পেছনে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে এবং সংগৃহীত টাকা কোথায় যেত, তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে মুখ বুজে থাকা টেকনিশিয়ানদের অনেকেই পুলিশের এই পদক্ষেপের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *