প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু। বয়স হয়েছিল ৯৯ বছর। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকমগ্ন সংবাদ প্রতিদিন পরিবার। বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে সল্ট লেকে নিজের বাসভবনেই প্রয়াত হন তিনি। শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিমতলা শ্মশানে।
নারায়ণবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি বহুদিন ধরেই ভুগছিলেন বয়সজনিত অসুখে। শেষপর্যন্ত সেই অসুখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজীবন গান্ধীবাদী, দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া নবতিপর মানুষটি। আগামী অক্টোবরেই তাঁর একশো বছরে পা দেওয়ার কথা ছিল।

অল্প বয়স থেকেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া নারায়ণবাবু ছিলেন চাকদহের বাসিন্দা। পরবর্তী সময়ে চাকদহ পৌরসভার চেয়ারম্যান হন। ছিলেন চাকদহের বাপুজি বিদ্য়ামন্দির ফর বয়স অ্যান্ড গার্লসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বারাকপুরে প্রতিষ্ঠা করেছেন গান্ধী স্মারক সংগ্রহালয়। ‘ভারত কথা’ নামে একটি পত্রিকারও প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন তিনি। ১৯৯২ সালের ৯ আগস্ট ‘সংবাদ প্রতিদিন’-এর জন্মলগ্ন থেকেই এই পত্রিকার সঙ্গে তিনি জড়িয়ে ছিলেন। প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ছিল আত্মিক সম্পর্ক। নারায়ণবাবুর প্রয়াণে তাই ‘সংবাদ প্রতিদিন’ পরিবারে গাঢ় শোকের ছায়া।
