উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari Risk E mail) আত্মঘাতী হামলায় হত্যার ছক কষা হচ্ছে— এমন একটি বিস্ফোরক ইমেল ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য পুলিশে। তবে ঘটনার তদন্তে নেমে মাত্র দু’দিনের মধ্যেই সেই ইমেল প্রেরণকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। শনিবার লালবাজারের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠক করে এই চাঞ্চল্যকর ইমেল এবং অভিযুক্ত যুবকের গ্রেপ্তারির খবর প্রকাশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিজস্ব নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থানায় একটি উড়ো ইমেল আসে। ওই ইমেলে দাবি করা হয়েছিল, এক মহিলা মুখ্যমন্ত্রীকে হত্যার নীল নকশা তৈরি করছেন। শুধু তাই নয়, ওই মহিলা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আল কায়েদা’-র সঙ্গে যুক্ত এবং আত্মঘাতী হামলার উদ্দেশ্যে বোমা প্রস্তুত করছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার মতো অতি সংবেদনশীল বিষয় হওয়ায় তড়িঘড়ি তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ। এরপর গার্ডেনরিচ থানার পুলিশের সহায়তায় ইমেলের আইপি অ্যাড্রেস ও প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখে হাসনেম ইকবাল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবককে লালবাজারে এনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পেরেছে, মুখ্যমন্ত্রীকে হত্যার এই গোটা বার্তাটিই আসলে সম্পূর্ণ ভুয়ো ও কাল্পনিক। মূলত ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতেই এই কাণ্ড ঘটিয়েছে ওই যুবক। ইমেলে যে মহিলার নাম উল্লেখ করা হয়েছিল, তাঁর সঙ্গে ধৃত হাসনেমের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলছিল। ওই মহিলাকে চরম বিপাকে ফেলতেই এবং পুলিশি হেনস্তার শিকার বানাতে হাসনেম সরাসরি মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে এই ভয়ঙ্কর চক্রান্ত ফেঁদেছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
তদন্তে আরও জানা গিয়েছে, এই যুবক একজন ‘অভ্যাসগত অপরাধী’। এর আগেও সে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে টার্গেট করে এই ধরনের ভুয়ো ও হুমকিমূলক ইমেল পাঠিয়েছিল। এমনকি, দেশের নির্বাচন কমিশনের দপ্তরেও উড়ো ইমেল পাঠানোর রেকর্ড রয়েছে তার ঝুলিতে। এই ঘটনার পর লালবাজারের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো ইমেল বা গুজব ছড়ালে, দেরিতে হোক বা দ্রুত, অপরাধী ধরা পড়বেই এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের পর গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়ে ভবানীপুরের (Bhowanipore) বিধায়ক হয়েছেন (পাশাপাশি নন্দীগ্রাম থেকেও জিতলেও সেই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন)। নিজের নির্বাচনী কেন্দ্রের থানাতেই এমন হুমকি ইমেল আসায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
