রায়গঞ্জ: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট (Pretend social media account) খুলে স্ত্রীর ছবি ব্যবহার করে অশালীন রিল পোস্ট করছেন স্বামী। এমনই অভিযোগে সরব হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। এই ঘটনায় রায়গঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চিন্ময় আচার্য (২৭)। বাড়ি মেদিনীপুর জেলার খড়গপুর থানার পাপাস গ্রামে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের সুবাদে দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু পরবর্তীতে চিন্ময়ের স্ত্রী জানতে পারেন, অন্য এক তরুণীর সঙ্গে তাঁর স্বামীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তা জানতে পেরে প্রতিবাদ করার পরই ঝামেলার সূত্রপাত হয়। ওই গৃহবধূর অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে তাঁকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছে চিন্ময়। ফোন করে কোনও খবর নেয়নি এখনও পর্যন্ত। এমনকি শ্বশুরবাড়ি থেকে যাওয়ার সময় চিন্ময় সোনার গয়না সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ।
কিন্তু সম্প্রতি ওই গৃহবধূর নজরে আসে যে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর ছবি ব্যবহার করে নানারকম অশালীন রিল পোস্ট করা হচ্ছে। আর সেসব ছবি শুধুমাত্র চিন্ময়ের কাছেই রয়েছে বলে দাবি তাঁর স্ত্রীর। তিনি বলেন, ‘আমাকে চরিত্রহীন অপবাদ দেওয়ার জন্যই এসব করেছে আমার স্বামী।’ পুলিশের কাছে নিরপেক্ষভাবে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
এদিকে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার দুপুরে ধৃতকে পুলিশ রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলে। বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
