উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিদ্যাসাগরের জন্মভূমিতে গিয়ে তিনি একে ‘পরম আনন্দ ও গর্বের’ বলে উল্লেখ করেন। এদিন বীরসিংহের উন্নতিকল্পে রাস্তা চওড়া করা, মিউজিয়াম ও লাইব্রেরি তৈরি, রাত্রিবাসের জন্য আবাসিক হস্টেল এবং বিশেষ কটেজ গড়ার একাধিক পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ রুখে দেওয়ায় নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী এবং তনুশ্রী সামন্ত নামের তিন ছাত্রীকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বন্যাকবলিত ঘাটালের পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখার পর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি।
বিদ্যাসাগর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তাঁর অসীম সম্পদ তিনি দিয়ে গিয়েছেন। তাঁকে অনুসরণ করে চলবে এই সরকার। অংসখ্য বই রয়েছে, আর ‘এপাং ওপাং ঝপাং’ বই কিনবেন না। বিদ্যাসাগরের বই কিনুন, স্কুলের লাইব্রেরিগুলো ভরিয়ে দিন। আগে শুধু ভাষণ হয়েছে, কাজ কিছু হয়নি।’’ চলতি বছরের বন্যা হয়েছে ঘাটালে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আকাশপথে পরিস্থিতি দেখেছি। বন্যাকবলিত এলাকায় কী করা যায়, তার পরিকল্পনা করেছি।’’

