উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে শোরগোল ফেলা ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবির পরিচালক সুদীপ্ত সেন (Sudipta Sen) আবারও আলোচনায়। তবে এবার কোনও বিতর্কিত বিষয় নয়, বরং বলিউডের প্রথম সারির সুপারস্টারদের সঙ্গে কাজ না করা নিয়ে নিজের অবস্থানের কথা জানালেন তিনি। মহাতারকাদের (huge stars) এড়িয়ে কেন তিনি এগোতে চান, তার নেপথ্যে এক চাঞ্চল্যকর যুক্তি খাড়া করেছেন এই পরিচালক।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুদীপ্ত সেন স্পষ্ট জানান, বড় তারকাদের নিয়ে কাজ করলে একজন পরিচালকের সৃজনশীল স্বাধীনতা বা ক্রিয়েটিভ লিবার্টি অনেকটাই সংকুচিত হয়ে পড়ে। তাঁর মতে, যখন কোনও বড় সুপারস্টার ছবিতে থাকেন, তখন সেই ছবি আর পরিচালকের থাকে না; বরং তা ‘তারকা’-র ইমেজ দ্বারা চালিত হয়। সুদীপ্ত নিজের গল্প এবং দৃষ্টিভঙ্গিকে সবকিছুর উপরে রাখতে চান, যা তারকাখচিত ছবিতে সম্ভব নয় বলে তিনি মনে করেন।
মহাতারকাদের সঙ্গে কাজ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুদীপ্ত বলেন, “আমি আত্মবিশ্বাসী মানুষ, কিন্তু অতি-আত্মবিশ্বাসী নই।” তিনি স্বীকার করে নিয়েছেন যে, বড় তারকাদের ছায়ায় থেকে নিজের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখা এবং সেই পর্যায়ের চাপ সামলানো তাঁর পক্ষে কঠিন। তাই প্রথম থেকেই তিনি ঠিক করেছিলেন ‘দ্য কেরালা স্টোরি’-তে কোনও চেনা মুখ বা বড় সুপারস্টারকে নেবেন না। তাঁর লক্ষ্য ছিল এমন এক গল্প বলা, যা সাধারণ মানুষের মনের খুব গভীরে পৌঁছাতে পারবে।
‘দ্য কেরালা স্টোরি’র অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের পর অনেকেই ভেবেছিলেন এবার হয়ত বলিউডের বিগ বাজেট প্রোজেক্টে দেখা যাবে সুদীপ্তকে। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সফল হওয়ার পরেও বড় তারকাদের নিয়ে ছবি করার কোনও পরিকল্পনা তাঁর নেই। নিজের শিল্প এবং নিজস্ব ভাবনা অনুযায়ী ছবি তৈরি করতেই তিনি বেশি স্বচ্ছন্দ। অন্য কারও ভাবনায় বা সুপারস্টারদের ইমেজের কথা মাথায় রেখে চিত্রনাট্য সাজাতে তিনি নারাজ।
