উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রচার চলাকালীন বারাকপুরের যে রাজ চক্রবর্তীকে (Raj Chakrabarty) মানুষ মালা পরিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল, নির্বাচনের ফল প্রকাশের পর সেই ছবিটা আমূল বদলে গেল। গত ৪ মে ফলাফল ঘোষণার দিন গণনাকেন্দ্র ছাড়ার সময় নজিরবিহীন হেনস্তার শিকার হতে হয় তাঁকে। ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা। সেই চরম অপমানের ৯৬ ঘণ্টা পর অবশেষে নীরবতা ভাঙলেন পরিচালক। জানিয়ে দিলেন, রাজনীতির ময়দান থেকে তিনি চিরতরে বিদায় নিচ্ছেন।
২০২১ সালে সক্রিয় রাজনীতিতে অভিষেক হয়েছিল রাজ চক্রবর্তীর। বিগত পাঁচ বছর বিধায়কের দায়িত্ব পালনের পর ২০২৬-এর এই পরাজয়কে জীবনের অঙ্গ হিসেবেই দেখছেন তিনি। গণমাধ্যমে রাজ জানান, পরিচালক হিসেবে তিনি যেমন কখনও জিতেছেন আবার কখনও হেরেছেন, রাজনীতির লড়াইকেও তিনি সেভাবেই দেখছেন। তাঁর কথায়, “জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। ২০২১ থেকে ২০২৬—এই অধ্যায়টি আমার রাজনৈতিক জীবনের শেষ পথচলা”।
— Raj chakrabarty (@iamrajchoco) May 7, 2026
অপমানিত হলেও সৌজন্যবোধ হারাননি রাজ চক্রবর্তী। হাসিমুখে গণনাকেন্দ্র ছাড়া এই প্রাক্তন বিধায়ক বাংলার নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ৯ মে নতুন সরকার শপথ নিতে চলেছে। সেই প্রসঙ্গ টেনে রাজ আশা প্রকাশ করেছেন যে, নতুন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে এবং মানুষের সমস্যার সমাধান হবে।
রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পর রাজ চক্রবর্তী পুনরায় তাঁর চেনা জগত অর্থাৎ চলচ্চিত্র (Film) পরিচালনায় মনোনিবেশ করতে চলেছেন বলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক জীবনের এই অভিজ্ঞতার পর সিনেমার মাধ্যমেই তিনি আবার মানুষের মনে জায়গা করে নিতে চান।
