উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঘরে ঘরে এখন ডায়াবিটিস ও প্রি-ডায়াবিটিসের উদ্বেগজনক বৃদ্ধি। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কেবল ওষুধ নয়, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা সমান জরুরি। সম্প্রতি একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, সাধারণ মেথির চেয়ে অঙ্কুরিত মেথিদানা (Sprouted Fenugreek) রক্তে শর্করা নিয়ন্ত্রণে বহুগুণ বেশি কার্যকর।
মেথি দানা অঙ্কুরিত হতে শুরু করলে তাতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বৃদ্ধি পায়, যা শরীরের জন্য পুষ্টি উপাদানের শোষণ সহজতর করে তোলে। মধুমেহ বিশেষজ্ঞদের মতে, সারারাত ভিজিয়ে রাখা মেথির জল খেলে শর্করা ও রক্তচাপ কমার পাশাপাশি কোলেস্টেরল হ্রাস পায় এবং পেটের গোলমাল দূর হয়। তবে এটি অঙ্কুরিত হলে মেলে বাড়তি সুবিধা। উচ্চ অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। খালি পেটে না খেয়ে প্রাতরাশ ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে বা বেলা হলে অঙ্কুরিত মেথি খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
অঙ্কুরিত মেথির প্রধান উপকারিতা:
- ইনসুলিনের সক্রিয়তা বৃদ্ধি: মেথিতে থাকা ‘গ্যালাক্টোম্যানান’ নামক ফাইবার এবং ‘ফোর-হাইড্রক্সি আইসোলিউসিন’ উপাদান শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বা কার্যকারিতা বাড়াতে সহায়তা করে।
- অন্ত্র ও হজমের উন্নতি: এটি বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
- ওজন নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি হ্রাস: দুপুরের খাবারের আগে এটি খেলে পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পরোক্ষভাবে এটি ওজন কমিয়ে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখে।
- রক্তে শর্করা প্রতিরোধ: অঙ্কুরিত মেথিতে প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে, যা কার্বোহাইড্রেটের হজম ও গ্লুকোজ় শোষণের গতি কমিয়ে দেয়। ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় না।
সেবনবিধি ও সতর্কবার্তা:
চিকিৎসকদের মতে, দিনে ১ টেবিলচামচ অঙ্কুরিত মেথি খাওয়াই যথেষ্ট। পরিমাণের বেশি খেলে পেট খারাপ বা বদহজমের ঝুঁকি থাকে। বাড়িতে মেথিদানা সারারাত জলে ভিজিয়ে পরদিন জল ঝরিয়ে সুতির পরিষ্কার কাপড়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা বেঁধে রাখলেই অঙ্কুর বের হবে। তবে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে এটি তৈরি করা আবশ্যক।

