উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)। এবার বকেয়া টাকা চাওয়ায় এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে (Carpenter assault allegation)। ঘটনার পর সোহমের বিরুদ্ধে কলকাতার বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে (Police Grievance Filed)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী কাঠমিস্ত্রির নাম রাজ কাপুর শর্মা। মাস দেড়েক আগে সোহমের ফ্ল্যাটের আসবাবপত্র বানানোর কাজ পান তিনি। কাজ শুরুর সময় তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় এবং চুক্তি হয় কাজ শেষে বাকি টাকা মিটিয়ে দেওয়া হবে। সম্প্রতি কাজ শেষ হলে তিনি বকেয়া প্রায় ৮০ হাজার টাকা ফেরত চান। কিন্তু অভিযোগ, সোহম সেই টাকা দিতে অস্বীকার করেন।
এরপর রবিবার সোহমের নিরাপত্তারক্ষী ফোন করে রাজকে বেহালার বাড়িতে ডাকেন। সোমবার রাজ সেখানে পৌঁছালে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর পাওনা টাকা দাবি করতেই তীব্র বচসা শুরু হয়। রাজের অভিযোগ, তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে কুরুচিকর গালিগালাজ করা হয় এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অগত্যা বিচার চেয়ে সরাসরি বেহালা থানার দ্বারস্থ হন ওই কাঠমিস্ত্রি। তবে অভিযোগ প্রসঙ্গে এখনও সোহমের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, অতীতেও সোহমের বিরুদ্ধে এই ধরনের ঔদ্ধত্যের অভিযোগ উঠেছিল। সল্টলেকের একটি রেস্তোরাঁর মালিক ও কর্মচারীদের সঙ্গে পার্কিং সংক্রান্ত গোলমালের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। সেবার বিতর্ক বাড়লে শেষমেশ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন সোহম। কিন্তু নতুন করে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ সামনে আসায় ফের অস্বস্তিতে এই প্রাক্তন তারকা বিধায়ক।

