উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : লাদাখের ফিয়াংয়ে সোনম ওয়াংচুকের ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’-এর সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। জমি সংক্রান্ত আইনি জটিলতার জেরেই এই সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীর হাইকোর্টে জমি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত স্কুলের যাবতীয় কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রশাসনের দাবি, প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স্কুলটি চালানো হচ্ছিল। সেই কারণে গত ১ নভেম্বর লেহ-র তহশিলদার দপ্তর থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয় সোনম ওয়াংচুকের স্ত্রী তথা হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভসের (এইচআইএএল) সহ প্রতিষ্ঠাতা গীতাঞ্জলি জে আংমোকে।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে এইচআইএএল-কে বরাদ্দ করা জমি। প্রতিষ্ঠানটিকে ১,০৭৬ কানাল, অর্থাৎ ১৩৪.৫ একর এবং এক মারলা জমি দেওয়া হয়েছিল। এক মারলা জমির পরিমাণ প্রায় ২৭০ বর্গফুট। পরে প্রশাসনের তরফে ওই জমির বরাদ্দ বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় সোনমের প্রতিষ্ঠান। বর্তমানে মামলাটি বিচারাধীন।
প্রশাসনের পাঠানো নোটিশে ২২ সেপ্টেম্বরের একটি চিঠিরও উল্লেখ রয়েছে। ওই দিন গীতাঞ্জলি লেহ-র ডেপুটি কমিশনারকে চিঠি লিখে স্কুলের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য নো-অবজেকশন সার্টিফিকেট বা এনওসি চেয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি পাওয়ার আগেই স্কুলে ক্লাস শুরু হয়ে যায়।
প্রশাসনের বক্তব্য, জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় স্কুলের কার্যকলাপ শুরু করা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই চূড়ান্ত রায় না আসা পর্যন্ত স্কুলের কাজকর্মের বিষয়ে আর কোনও পদক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতে বিচারাধীন মামলার উপর প্রভাব পড়তে পারে, এমন কোনও কাজও করা যাবে না বলে নোটিশে জানানো হয়েছে।
The submit Sonam Wangchuk | জমি নিয়ে আইনি জট, লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলের কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের appeared first on Uttarbanga Sambad.
