পাঁচ মিনিটের মধ্যেও নয়। খবর পাওয়ার দুই বা তিন মিনিটের মধ্যে পুলিশকে পৌঁছতে হবে ঘটনাস্থলে। তার জন্য প্রত্যেক থানায় রাখতে হবে অতিরিক্ত ‘বাইক বাহিনী’। প্রয়োজন হলে সাহায্য নিতে হবে ট্রাফিক পুলিশেরও। প্রত্যেক থানার ওসিকে এমনই নির্দেশ লালবাজারের।
কোনও ঘটনার খবর পাওয়ামাত্র কত অল্প সময়ের মধ্যে পুলিশকর্মী ও আধিকারিকরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছতে পারেন, তার উপর গুরুত্ব দেয় লালবাজার। পুলিশের দাবি, মূল কলকাতার ক্ষেত্রে সেই সময়টি পাঁচ মিনিটে নেমে এসেছে। কন্ট্রোল রুম থেকে কোনও খবর থানায় পৌঁছনোর পর ডিউটি অফিসার ও সেরেস্তায় ডিউটি থাকা পুলিশকর্মী ও আধিকারিকরা প্রথমেই রাস্তায় বাইকে করে টহলদার পুলিশকর্মী ও আধিকারিকদের খবর দেন। তাঁরা চেষ্টা করেন, পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যেতে। প্রাথমিকভাবে তাঁরা কোনও সমস্যা হলে মেটানোর চেষ্টা করেন। কিন্তু কোনও বড় ঘটনার ক্ষেত্রে তাঁরাই ফোন করে থানার আধিকারিকদের বিষয়টি জানান। সেইমতো ঘটনাস্থলে পৌঁছয় আরও বড় পুলিশ বাহিনী।
আরও পড়ুন:
লালবাজারের সূত্র জানিয়েছে, কোনও ঘটনা ঘটার পর সেখানে অতি অল্প সময়ের মধ্যে পুলিশের উপস্থিতি অত্যন্ত জরুরি। তাই এখনও যে সময়ের মধ্যে পুলিশ পৌঁছচ্ছে, তার থেকে অনেক কম সময়ের মধ্যে পৌঁছতে হবে পুলিশকে। তাই লালবাজারের নির্দেশ, দুই থেকে তিন মিনিটের মধ্যে পুলিশকর্মী ও আধিকারিকদের বাইক নিয়ে পৌঁছে যেতে হবে ঘটনাস্থলে। যদিও ভাঙড় ডিভিশন অথবা যাদবপুর, বেহালা এলাকার কিছু থানার আয়তন যেখানে বড়, সেখানেও চেষ্টা করতে হবে যতটা কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছনো যায়। লালবাজারের কর্তারা ওসিদের জানিয়েছেন, কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে, একটি বাইক আরোহী পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে। একই সময়ে দ্বিতীয় ঘটনার খবর এসেছে থানার কাছে। সেই ক্ষেত্রে প্রথম ঘটনাস্থলে ওই টিমের কাজ শেষ হয়ে গেলে সেখান থেকে দ্বিতীয় ঘটনাস্থলে পৌঁছতে পারে। কিন্তু প্রথম ঘটনাস্থলে কাজ সারতে দেরি আছে, তা বুঝতে পারলে সেই টিম বিষয়টি থানাকে জানাবে। এই পরিস্থিতির জন্য থানায় তৈরি রাখতে হবে বাইক আরোহী দ্বিতীয় টিম। সম্প্রতি নতুন বাইক থানাগুলিকে দেওয়া হয়েছে। সেই দ্বিতীয় টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করবে। এই ব্যাপারে সম্প্রতি একটি বৈঠকে উঠে এসেছে শহরে যানজটের প্রসঙ্গও।
যদি দেখা যায়, রাস্তায় যানজটের কারণে কোনও বাইক আরোহী টিমের ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগছে, সঙ্গে সঙ্গেই থানার পক্ষে ট্রাফিক কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে বিষয়টি জানানো হবে। ট্রাফিক পুলিশ ওই বাইক টিমের যাতায়াতের রাস্তা যথাসম্ভব মসৃণ করবে। তাতেই বাহিনী অতি অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে পারবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
