শিলিগুড়ি: রাজ্যজুড়ে অবৈধ বালি খনন ও পাচারের (Siliguri Unlawful Sand Mining) বিরুদ্ধে প্রশাসনের কড়া বার্তার মাঝেই বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার ভোররাতে শিলিগুড়ির সালুগাড়া মহানন্দা নদীর ঘাটে আচমকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালি তোলার কাজে যুক্ত থাকা তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের এই আকস্মিক পদক্ষেপে বালি মাফিয়া মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে যে বেশ কয়েকটি ট্রাক্টর অবৈধভাবে বালি তোলার উদ্দেশ্যে সালুগাড়া ঘাটে প্রবেশ করেছে। এই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ আসরে নামে ভক্তিনগর থানার একটি বিশেষ পুলিশ দল। অভিযানে সাধারণ পোশাকের পুলিশ কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও অংশ নেন। নদীর ঘাট এলাকায় পুলিশ ও জওয়ানদের হঠাৎ হানা দিতেই বিষয়টি টের পেয়ে যায় চালক ও বালি কারবারিরা। পুলিশের গাড়ি দেখে তারা ট্রাক্টরগুলি ফেলে রেখেই চম্পট দেয়।
এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনটি পরিত্যক্ত ট্রাক্টর উদ্ধার করে ভক্তিনগর থানায় নিয়ে আসে। বর্তমানে বাজেয়াপ্ত হওয়া গাড়িগুলির বিরুদ্ধে কড়া সিজার প্রক্রিয়া এবং নির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।
পুলিশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, মহানন্দা নদীঘাট সহ এলাকার কোথাও কোনো ধরনের অবৈধ বালি খনন বা পাচার বরদাস্ত করা হবে না। পলাতক ট্রাক্টর চালক এবং গাড়িগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করতে জোরদার তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে নদী রক্ষা ও এই ধরনের বেআইনি কারবার পুরোপুরি দমনে এই ধরনের লাগাতার অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

