উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ খুব শীঘ্রই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়ার মারকাটারি ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh wedding ceremony)। আগেই বাগদান পর্ব সেরে ফেলা এই তারকার বিয়ের দিনক্ষণ এখন প্রকাশ্যে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের একটি নামী হোটেলে সমাজবাদী পার্টির যুব সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় বেশ জোরকদমে শুরু হয়ে গিয়েছে। বর ও কনের পরিবার এবং ঘনিষ্ঠ স্বজনদের পাশাপাশি এই হাইপ্রোফাইল বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকাও।
মূলত গত বছরের ৮ জুন আংটি বদল হয়েছিল রিঙ্কু এবং প্রিয়ার। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের জুনেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই জুটির। তবে রিঙ্কুর পিতার প্রয়াণের কারণে সেই শুভ অনুষ্ঠান স্থগিত রাখতে হয়েছিল। সেই স্থগিত থাকা বিয়ের তারিখই এবার ঠিক হয়েছে ডিসেম্বরে।
গত বছর ডিসেম্বরের এক সাক্ষাৎকারে নিজের লাভস্টোরি নিয়ে মুখ খুলেছিলেন রিঙ্কু। সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রিয়ার ছবি দেখার পর থেকেই যে তাঁর মনে বিশেষ জায়গার তৈরি হয়েছিল, তা তিনি লুকোননি। রিঙ্কু বলেছিলেন, “কোভিডের সময়ে আইপিএল হয়েছিল মুম্বইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও একটা ফ্যানপেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দু’-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এ ভাবেই প্রেম শুরু হয়েছিল। এর পর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হত। ২০২২ থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি, যা অবশেষে পরিণতির দিকে এগোচ্ছে।”
The publish Rinku Singh wedding | ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে রিঙ্কু সিং, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন ক্রিকেটার appeared first on Uttarbanga Sambad.
