উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাংলা সফর ঘিরে জটিলতার আবহে এবার সরানো হল শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে। তার জায়গায় দায়িত্বে এলেন সৈয়দ ওয়াকার রাজা। তিনি এর আগে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। অপরদিকে সি সুধাকরকে নর্থ-বেঙ্গল আইবি-র আইজিপি পদে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরের সময় অনুষ্ঠানস্থলের পরিবর্তন এবং প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপরেই দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাওয়া হয় কেন্দ্রের তরফে। এর মাঝেই বদলি করা হয় দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে। তাঁর জায়গায় দার্জিলিংয়ের জেলাশাসক করা হয়েছে সুনীল আগরওয়ালকে। সেই আবহেই এবার সরিয়ে দেওয়া হল শিলিগুড়ির সিপি-কে।
