বর্ধমান: সাইবার প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ (Cyber Fraud Burdwan)। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার চম্পাহাটি ও হাটশিমলা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের পুলিশি হেপাজত এবং বাকিদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২৮ আগস্ট ফের আদালতে পেশের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সাইবার ক্রাইম উইং থেকে বর্ধমান সাইবার থানায় পাঠানো একটি রিপোর্টের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। নাদনঘাট থানার সমুদ্রগড়ের নসরৎপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রেলবাজার শাখার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে আসে। তদন্তে জানা যায়, প্রায় ২৮টি ব্যাংক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ৬ লক্ষ ৭০ হাজার টাকা ঢুকেছিল এবং দেশের মোট ৬৭টি সাইবার প্রতারণার অভিযোগের সঙ্গে এই অ্যাকাউন্টগুলির যোগ রয়েছে।
পাশাপাশি, ২৬৮টি সন্দেহজনক মোবাইল নম্বর ও ছয়জন পয়েন্ট অব সেল (পিওএস) এজেন্ট এই চক্রের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। অভিযোগ, ওই এজেন্টরা ভুয়া নথিপত্র দিয়ে সিম কার্ড সরবরাহ করত এবং সেই সিম কার্ড থেকেই ফিশিং কল, এসএমএস, ইনভেস্টমেন্ট ফ্রড এবং ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে প্রতারণা চালাত। দেশজুড়ে সক্রিয় এই চক্রের মূল হোতা ও অন্যান্য সহযোগীদের খোঁজ পেতে এবং অ্যাকাউন্টগুলি কারা ভাড়া নিয়েছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

